Article

প্রেম ও প্রেরণার রুমি

November 15, 2026

7 views

সুফি, কবি ও দার্শনিক মাওলানা জালাল উদ্দিন রুমির লেখায় একটা আধ্যাত্মিক প্রভাব আছে। তার লেখা কবিতা, সাহিত্যের শিল্প বোঝার জন্য আলাদা বোঝাপড়া লাগে। এতে ভীষণ ও গভীর ভালোলাগা কাজ করে। এই যে মানুষের ভেতরের আত্মিক চেতনাকে জাগিয়ে তোলার যে কাব্যিক আবেদন তা অমর হয়ে আছে তার কবিতার পাতায় পাতায়।

কবিতায় শব্দের গাঁথুনিতে আধ্যাত্মিক ভাবধারা, নিখাদ প্রেমের পাঠ এবং জীবনবোধের গভীর রহস্য পাঠকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে। রুমির এই কাব্যের পরতে পরতে প্রেমের উপস্থিতি টের পাওয়া যায়।

এই প্রেমটা শুধু মানুষের সম্পর্ক নয়। এটা স্রষ্টা ও সৃষ্টির অপূর্ব নিদর্শন হিসেবে তিনি দেখিয়েছেন। বকইরের ধর্মীয় আচার-অনুষ্ঠানের চেয়ে অন্তরের ভক্তি ও খোদার প্রতি অনুরাগকে বেশি প্রাধান্য দিয়েছেন। তার বিখ্যাত বই মসনবিতে এসবের আলাপ ও নিযার্স পাওয়া যায়।

তার লেখায় জীবনের বাঁকে বাঁকে নানান জটিলতা, কপটতা ও হিংসা দূর করতে তিনি বিভিন্নরকমের রূপক অর্থ, উপমা হাজির করেছেন। একইসাথে গল্প, কবিতার মাধ্যমে আধ্যাত্মিক শিক্ষার প্রভাব বিস্তার করেছেন।

অন্যদিকে বন্ধু শামস তাবরিজির স্মরণে রচিত 'দেওয়ান-ই-শামস-ই-তাবরিজি' বইয়েও ফুটে উঠেছে তার তীব্র প্রেম ও বিরহের আকুল প্রার্থনা। এই কিতাব নিয়ে বিস্তর আলাপের দরজা খোলা আছে।

রুমির কবিতায় বাঁশির সুরের শিল্পকে অপূর্ব রূপক হিসেবে হাজির করেছেন। কখনো দুঃখ, আবার কখনো প্রেমের বাঁশি হয়ে বেঁজে উঠেছে তার কবিতায়। তার বিখ্যাত মসনভিতে সুরের কান্নার মধ্য দিয়ে খোদার কাছ থেকে বিচ্ছিন্ন মানুষের যে আকুলতা তা প্রকাশ করেছেন আলাদাভাবে।

ওই যে বাঁশি যেমন বাঁশবাগান থেকে বিচ্ছিন্ন হয়ে বিরহের সুর তৈরি করে তেমনি মানুষের মনও খোদার কাছ থেকে আলাদা হয়ে আবার তার কাছে ফেরার ব্যাকুল হয়ে থাকে।

এখন এই দুনিয়ার দিকে নজর দিলে রুমির যে দর্শন, প্রেম ও আধ্যত্মিকতা, তার কবিতার প্রাসঙ্গিকতা সবচেয়ে বেশি উপলব্ধি করা যায়।

তার লেখা, পাঠ ও পাঠকপ্রিয়তা ভৌগোলিক সীমানা পেরিয়ে, জাতিগত ভেদাভেদ পেরিয়ে রুমির উক্তিগুলো দুনিয়ার সমস্ত মানুষকে এক অমিয় শান্তির বার্তা দেয়।

হালের আধুনিক বিশ্ব থেকে শুরু করে প্রাচ্যের পাঠে জায়গা করে নেয়া সর্বাধিক পঠিত কবিদের একজন রুমি। তার লেখা— [স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।

যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।

সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কী কী এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা।

আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই, আমি অনেক পোশাক দেখেছি— যেগুলোর ভেতরে মানুষ নেই।

যদি তারা জিজ্ঞেস করে, ভালোবাসা কী?

তাহলে তাদেরকে বলে দিও ইচ্ছের বলিদান।]

এমন বিখ্যাত পংক্তিগুলো মানুষকে প্রতিনিয়ত ভেতর থেকে বদলে যাওয়ার প্রেরণা জোগায়। মানুষকে দুনিয়ার মোহ ভুলে আলাদাভাবে হাজির করে।

মাওলানা রুমি সার্বজনীন ভালোবাসার সাধক। তিনি জীবন ও জগতের পথ বাতলে দিয়েছেন তার লেখায়। তার কবিতা মানুষরে শেখায় কীভাবে মোহের জগত থেকে বিভেদ ভুলে আত্মাকে পরিশুদ্ধ করা যায়।

হিংসা, পরনিন্দা বিসর্জন দিয়ে পরম সত্যের সাথে কীভাবে সন্ধি করা যায় তা-ই তার কবিতার উপজীব্য। মানুষের উপকারে নিজেকে বিলীন করে দেয়ার পাঠ পাওয়া যায় মাওলানা রুমির লেখায়।

এই যে যুগের পর যুগ ধরে তার অমর উক্তি আজ মুক্তিকামী ও প্রেম ও ভালোবাসার মানুষের জন্য প্রেরণার ঠিকানা হয়ে আছে তা বিশ্বসাহিত্যের ভান্ডারে নজর দিলে টের পাওয়া যায়।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login