Article

মরমী বাঁশির শিল্পী বারী সিদ্দিকী

November 15, 2026

10 views

বারী সিদ্দিকী নামটা আমার মনে গেঁথে আছে বহু আগে থেকেই। উনার দরদী বাঁশির সুর আর গান আমারে ভীষণ রকম টানে। দেশে মরমী ও বাউল গানে যাদের ভালো দখল আছে তাদের মধ্যে এই শিল্পীর গানে আলাদা আবেদন ও ভালোলাগা কাজ করে।

অমর এই শিল্পী বাংলার লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গানে হয়ে উঠেছেন কিংবদন্তি। তার দরদভরা কণ্ঠের আবেগ ও মোহন বাঁশির জাদুকরী সুর তাকে গণমানুষের হৃদয়ে অমর করে রেখেছে আজো।

একাকী অবসরে কিংবা আমার জার্নিতে আনমনে গেয়ে উঠি, আমার গায়ে যত দুঃখ সয় কিংবা পুবালি বাতাসে গানটা। অন্য অনেক শিল্পীর ভিড়ে বারী সিদ্দিকীর গানই আমার বেশি শোনা হয়।

সম্ভবত ২০১৬ সালের দিকে চট্টগ্রামে কবি মোস্তফা মাহাথিরসহ আমরা প্রায় আড্ডার মজমা বসাতাম। কবিতা ও গানের আড্ডা। মাহাথির ভাইও বারী সিদ্দিকীর গান গভীর মনোযোগ দিয়ে শুনতেন। মাঝে মাঝে বলতেন, কবি উকিল মুন্সির গান ধরো। মূলত এইটা বারী সিদ্দিকীর গানকেই মিন করতেন।

তো, এই গ্রামীণ লোকগীতি, বাউল সুর ও বিরহ-বিচ্ছেদের গানকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন মরমী গানের শিল্পী বারী সিদ্দিকী। কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার ও বংশীবাদক হিসেবে বাংলা গানকে বিশ্বমঞ্চে এক অনন্য মর্যাদায় নিয়ে গেছেন।

নেত্রকোণার ফচিকা গ্রামের এক সংগীতপ্রেমী পরিবারে ১৯৫৪ সালের ১৫ নভেম্বর জন্মেছিলেন বাংলা বাউল গানের উস্তাদ বারী সিদ্দিকী। শৈশব থেকেই পারিবারিক আবহে সংগীতের প্রতি টান ও প্রাণের সম্মিলন ঘটান তিনি।

ওস্তাদ গোপাল দত্ত ও আমিনুর রহমানের কাছে ধ্রুপদী সংগীতের দীর্ঘ তালিম নেয়ার পাশাপাশি বাঁশির প্রতি তার গভীর আকর্ষণ তাকে ভারতের পুনেতে পণ্ডিত ভিজি কার্নাডের কাছে নিয়ে যায়।

সুরের নিরন্তর সাধনায় গানের পরতে পরতে জীবনকে দেখেছেন প্রেম, বিরহ ও বেদনা নিয়ে। দরদী এই শিল্পীর সংগীতজীবনের মোড় ঘুরে যায় যখন কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের দেখা পান। হুমায়ূনের অনুপ্রেরণা ও লেখায় শিল্পের দুনিয়ায় নিজেকে আবিষ্কার করেন নতুনভাবে। এই লেখকের সংস্পর্শে এসে বারী সিদ্দিকী জীবনকে উপলব্ধি করেছেন গভীরভাবে।

১৯৯৫ সালে টেলিভিশনের পর্দায় নিজেকে হাজির করার পর ১৯৯৯ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গাওয়া গানগুলো দেশে তুমুল জনপ্রিয়তা এনে দেয় বারী সিদ্দিকীকে। তার গানগুলো মানুষের মনে আলাদা জায়গা করে নেয়।

তার বিখ্যাত গান শোয়া চান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, কিংবা পুবালি বাতাসের মতো কালজয়ী গানগুলো যেন মানুষের না বলা কথা প্রতিধ্বনিত হয়েছে। গানের মাধ্যমে মানুষকে শিল্পের কাছাকাছি টেনেছেন এই মরমী শিল্পী।

আমার মন্দ স্বভাব, ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙে, রজনী হইস না অবসান, কিংবা মনের দুঃখ মনে রইল, এমন সব দরদী গানে নিজস্ব গায়কীর স্বতন্ত্র বৈশিষ্ট্যে শ্রোতামহলে জনপ্রিয় ও সমাদৃত হন বারী সিদ্দিকী।

জীবনমুখী সঙ্গীতে বিশেষ অবদানে জেনেভায় বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে দেশের জন্য অনন্য গৌরব বয়ে এনেছিলেন অমর এই শিল্পী।

সংগীতের পাশাপাশি জীবনমুখী দর্শন চর্চায় তিনি নেত্রকোণার কারলি গ্রামে বাউলবাড়ি প্রতিষ্ঠার উদ্যোগও নিয়েছিলেন।

উকিল মুন্সি ও জালাল উদ্দীন খাঁর গান সংগ্রহ এবং পরিবেশনের মাধ্যমে বাংলার লোকঐতিহ্যকে সমৃদ্ধ করে গেছেন বাউল গানের এই সাধক। মরমী সুরের এই মানুষটি ২০১৭ সালের ২৪ নভেম্বের ভক্তদের মাঝ থেকে বিদায় নিয়েছেন।

লোকসংগীতের সাথে ধ্রুপদী সুরের যে অপূর্ব মেলবন্ধন তিনি দেখিয়েছেন তা বাংলা সংগীতের ইতিহাসে এক দীপ্তিময় অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। কালজয়ী গান ও মরমী বাঁশির সুরে বেঁচে থাকবেন বাউল গানের অমর এই শিল্পী।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login