Poetry

ফুলের ঠিকানায়

September 6, 2026

Original Author মিজান ফারাবী

137 views
নয়নতারা

আমি চিঠি লিখতে চেয়েছিলাম আকাশের ঠিকানায়,
লিখিনি—
আমার ঠিকানা হয়ে আছে মেঘের নামে।

আমি চিঠি লিখতে চেয়েছিলাম গ্রীষ্মের ঠিকানায়,
লেখা হয়নি—
আমার ঠিকানা হয়ে আছে বর্ষার নামে।

আমি চিঠি লিখতে চেয়েছিলাম চট্টগ্রামের ঠিকানায়,
লিখিনি—
আমার ঠিকানা হয়ে আছে ফুলের নামে।

আমি চিঠি লিখতে চেয়েছিলাম শরতের ঠিকানায়,
লেখা হয়নি—
আমার ঠিকানা হয়ে আছে হেমন্তের নামে।

আমি চিঠি লিখতে চেয়েছিলাম পাহাড়ের ঠিকানায়,
লিখিনি—
আমার ঠিকানা হয়ে আছে ঝর্ণার নামে।

আমি চিঠি লিখতে চেয়েছিলাম শীতের ঠিকানায়,
লেখা হয়নি—
আমার ঠিকানা হয়ে আছে বসন্তের নামে।

আমি চিঠি লিখতে চেয়েছিলাম সমুদ্রের ঠিকানায়,
লিখিনি—
আমার ঠিকানা হয়ে আছে নদীর নামে।

আমি চিঠি লিখতে চেয়েছিলাম কার্তিকের ঠিকানায়,
লেখা হয়নি—
আমার ঠিকানা হয়ে আছে শ্রাবণের নামে।

আমি চিঠি লিখতে চেয়েছিলাম প্রকৃতির ঠিকানায়,
লিখিনি—
আমার ঠিকানা হয়ে আছে পাখির নামে।

তারপর আমি চিঠি লিখেছি, শরতের মতোন শুভ্র এক মেঘ বালিকার কাছে। ফুলের নামে, ফুলের ঠিকানায়— নয়নতারার কাছে।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • JANNATUL ISLAM 2 months ago

    সুন্দর লেখনি। শরতের শুভ্রতার মতো কাটুক আপনার জীবন। 🤍🌸