Poetry

পাহাড়ি জীবন

July 15, 2026

72
View

পাহাড় চিরে ঝর্ণা নামে, গায় সে আদি গান,
পাথর জাগে জলের ছোঁয়ায়, জাগে সবুজ প্রাণ।
সরু পথে মানুষ হাঁটে, কাঁধে দিনের ভার,
মেঘের নিচে বেঁচে থাকার নীরব অঙ্গীকার।

কলস কাঁখে পাহাড়ি মেয়ে, ঝর্ণার কাছে যায় ,
খালি পায়ে পথ পেরিয়ে যায় অজানা গায় ।
কাঁটার ক্ষত, রোদের আগুন, সঙ্গী প্রতিক্ষণ,
তবু ওদের চোখে স্বপ্ন বেঁচে থাকার পণ ।

বাঁশের ঘরে ধোপের ধোঁয়া, সন্ধ্যা নামে চুপে,
শিশুর হাসি ভেসে আসে পাখির ডানায় মেখে।
কান্নাগুলো লুকিয়ে থাকে হিমেল কুয়াশায়,
ঢাকে ঢোলে বাঁশির সুরে জীবন খুঁজে পায়।

ঝর্ণা বলে চলতেই হবে, সময় নাই থামবার ,
পাহাড় বলে ঝড়ের মাঝেও মুখ করিস না ভার।
হাসি কান্নার রঙে মোড়া পাহাড়ি জীবন,
বাংলা মায়ের অমূল্য ধন, হৃদয়ের স্পন্দন।

Comments

    Please login to post comment. Login