যখন একা একা থাকি,
আসলে তখন একা থাকি না।
একটা দেহের ভেতর আছে
কত যে রকমের সত্তা!
জীবন্ত হয়ে উঠে একে একে
শুরু করে দ্বন্দ্ব আর সংঘাত—
যুক্তি-পাল্টা যুক্তি, আক্রমণ-প্রতিআক্রমণ;
তাতেই ক্ষয়ে ক্ষয়ে যায়,
নিবু নিবু হয়ে যায়
জীবন-প্রদীপ-শিখা।
যখন থাকি ভিড়ের মাঝে,
আসলে তখনই থাকি একা।
কত যে মানুষ,
কত যে তাদের রূপ!
কেউ কাকে বোঝে,
নিজেকেই বা বোঝে কে?
তাতেই হারিয়ে ফেলি, আমিও
হারিয়ে ফেলি নিজের অস্তিত্বকে।
এতেই দূরত্ব বেড়ে যায়,
সম্পর্ক ছিন্ন হয়ে যায়—
দেহের সাথে আত্মার।