Poetry

পরিকল্পনার ওপারে

August 8, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

106 views

একটা সম্পর্কহীন সম্পর্ক,
যা কোনো বন্ধন তৈরি করে না;
যে সম্পর্কের কোনো নাম নেই—
শুধু মিশবে প্রাণের সাথে প্রাণে,
থাকবে না কোনো প্রয়োজন।

অপ্রয়োজনের প্রয়োজনে হবে কথা,
থাকবে না অতীতের স্মৃতিকাতরতা,
কিংবা ভবিষ্যতের কোনো দুর্ভাবনা;
ধর্ম, দর্শন কিংবা বিজ্ঞানের আলোচনা,
ব্যক্তি, সমাজ, সরকারের সমালোচনা।

এমন একটা পিচঢালা রাস্তা,
যেটার কোনো মঞ্জিল নাই,
পথিকের কোনো গন্তব্য নাই;
থাকবে না নীড়ে ফেরার টান,
ছুটব এক প্রাণ থেকে আরেক প্রাণ।

একটা বর্ষণমুখর শ্রাবণের রাত,
যার কোনো পরিকল্পনা নেই;
জেগে থাকার কোনো মানে নেই,
আবার ঘুমানোরও তাড়া নেই—
উদ্দেশ্যহীন ছন্দে ভেসে থাকা।

যখন অন্তিম সময় আসে,
ডানা থাকলেও ওড়া যায় না,
হুল থাকলেও ফোটানো যায় না;
জমানো বিষ কাজে লাগে না,
থাকে শুধু অসহনীয় যন্ত্রণা।

পূর্বনির্ধারিত নিয়তির অনুকরণে,
সময়রেখার প্রতি বিন্দু হিসাব করে;
ঢেউয়ের পর ঢেউ আসে তাল মিলিয়ে—
উত্থানের পর পতন, জোয়ারের পর ভাটা,
ভেস্তে যায় যত আছে সব পরিকল্পনা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Md Alamin Rana 3 weeks ago

    অসাধারণ বুনন। অসম্ভব ভালো লাগলো কবিতা পাঠে। সতত শুভকামনা আপনার জন্য।