Poetry

ত্রাতা

August 7, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

101 views

আর কোনোভাবেই গেল না
আমাকে উদ্ধার করা,
একে একে ডুবে গেছে
আমাকে উদ্ধার করতে আসা
নৌবাহিনীর রুস্তম ও হামজা।
আমি এখনো তলিয়েই যাচ্ছি
অনন্ত গভীরতার মহাসমুদ্রে।

আর কোনোভাবেই গেল না
আমাকে খুঁজে বের করা,
একে একে হারিয়ে গেল
আমাকে খুঁজতে আসা
সেনাবাহিনীর চৌকশ সৈন্যরা।
আমি এখনো আটকেই আছি
স্বাপদসংকুল অরণ্যের গহীনে।

অ্যাপাচি হেলিকপ্টার কিংবা
মিগ-২৯ থেকে
আকাশবাহিনীর দক্ষ প্যারাট্রুপারেরা
নেমে আসুক ঝাঁকে ঝাঁকে,
বের করুক অন্ধকূপ থেকে।
আবার হাঁটব আলোর পথে,
দেখব নতুন সূর্যোদয়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login