Poetry

নিষ্প্রভ ক্যানভাস

September 8, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

83 views

যদি সম্ভাবনার শেষ সূর্যটাও ডুবে যায়,
জগতে নেমে আসে চিরস্থায়ী অন্ধকার;
যদি অন্ধকার বেয়ে কখনো আর বৃষ্টি না নামে,
তবুও দুচোখের পাতা এক করব না,
পাথর সেজে পাথর হয়ে নির্বাক হয়েই থাকব।

শেয়াল ডাকুক, ঝিঁঝিঁ ডাকুক,
ডাকুক বনের ডাহুক;
লক্ষ তারা নিয়েও আকাশ একেলা হয়ে থাকুক,
তাহার নিচে লক্ষ জোনাক তারা হয়ে জ্বলুক,
সাথিহারা চোখ গেল ওই আমার হয়ে কাঁদুক।

যদি সম্ভাবনার চাঁদটি আর কখনো জেগে না ওঠে,
পুরো আকাশ ঘন কালো মেঘে ঢেকে থাকে;
তীব্র অন্ধকার ভেদ করে সোনালী আভা ভেসে না ওঠে,
তবুও দুচোখের ক্যানভাসে দ্বিধা ফুটবে না,
নিষ্প্রভ চোখের তারায় নিস্তব্ধ হয়েই থাকব।

আলেয়ার আলো জ্বলুক আর নিভুক,
শুকনো পাতার মর্মর ধ্বনি বাজুক;
ভয়ংকর নিশাচরেরা হিংস্রতায় মেতে উঠুক,
শিকারিরা শিকারে পরিণত হোক,
দল বেঁধে বলাকারা আমার বেদনার সুর তুলুক।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login