Poetry

আমার কিছু বন্ধু আছে

September 14, 2026

18
View

আমার কিছু বন্ধু আছে,

সাধারণ ওই নিমের গাছে

দুলতে থাকা ফুলগুলি—

আমি তাদের বন্ধু বলি।

নিয়ম করে একটা দোয়েল

শিস দিয়ে যায় আনমনে,

আমার ভেতর উথাল-পাথাল

তার বিরহী গান শুনে।

আমার কিছু বন্ধু আছে,

একই হাওয়া, একই জলে

আমিও বাঁচি— তারাও বাঁচে।

আমার কিছু বন্ধু আছে,

পুকুর ঘাটে সিঁড়ির কাছে

পিলপিলানো মাছের পোনা

ওরা আমার ভীষণ চেনা।

ভীষণ খোলা আকাশ জুড়ে

আমার কিছু বৃষ্টি আছে,

নরম জমিন, ভেজা মাঠে

আমিও নাচি— তারাও নাচে

আমার কিছু বন্ধু আছে,

একই ধরন, একই ধাঁচে

আমিও বাঁচি— তারাও বাঁচে।

Comments

    Please login to post comment. Login