ইকরা বিসমি
রাব্বিকাল্লাজি খালাক
তোমরা পাঠ কর
প্রভু নিরঞ্জনের নামে
তোমরা রামায়ণ পড়
পড় মহাভারত, ইলিয়াড, অডেসি
আলিফ লায়লাও পড়তে পারো
ছুঁয়ে দেখো কালিদাসের মেঘদূত
পড় লালন-রবীন্দ্র-নজরুল
অ্যাডাম শোণিতের উত্তরাধিকার মিশরীয় আদি দেবতা নানের বংশ বহন করেছি আমি
উর্বরতার ঈশ্বর পিটাহ'র ঔরস বহন করতে করতে আমি হলাম হিন্দু পুরাণের হনুমান
বায়ুদেবতা আমার পিতৃপুরুষ
তাই আমি পবননন্দন
হিমালয়-সংলগ্ন পৌরাণিক অরণ্য
কদলীবন আমার বাড়ি
মাতা হলেন অঞ্জনা
আমারে বজরং বলীও কয় অনেকেই
বাল্মীকির রামায়ণে অঙ্কিত আছে আমার নাম
অযোধ্যার রাজকুমার এবং ভগবান বিষ্ণুর অবতার রামের নিষ্ঠ সহচর
মহিয়সি সীতা উদ্ধার অভিযানের মহত্তম অভিযাত্রিক
ওরা সেদিন সুবহে সাদিকে
আমার কোলে এনে রাখল
পবিত্র গ্রন্থ
আমি প্রশান্তি অনুভব করলাম
নিমিষে পৃষ্ঠা উল্টিয়েই দেখলাম
অক্ষরে অক্ষরে হাজার মানুষ
ও শত মনীষার অমৃত নাম
সবাই আমারই সুহৃদ স্বজন
আমি সোৎসাহে পাঠ করলাম
'পাথুরে পাহাড়' তথা আল হিজরের
ষড়বিংশতিতম স্তবক
"আমিতো মানুষকে সৃষ্টি করেছি
ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মাটি হতে"
And indeed, We created man from sounding clay of altered black smooth mud.
দেখলাম আমিও তো একপিন্ড মৃত্তিকা বৈ
আর কিছুই নই
মহা কুম্ভকারের শপথ
মাটির মানুষ হয়ে তোমরা মাটিরে ক্যান ডরাও
পড়ে যাও স্বর্গচ্যুত মর্ত্যের নর
নরক ঠেকানোর লাগি...
.......................
লেখক: সাংবাদিক
১৫ অক্টোবর ২০২১