আয়নার সম্মুখে দাঁড়িয়ে একা একা সংলাপ
আওড়ান কবি, কিছুক্ষণ পর আয়নায় নিজেকেই
বলেন, আমি কথা বলেছি, কবিতা পড়িনি।
একা একা সংলাপে খুব সতর্ক থাকেন কবি।
নিখুঁত বাংলায় তার সংলাপে অনেকেই মুখ
চেপে হাসেন আজকাল। আমাদের কবি তখনো
ঘাবড়ে যাননা, তার বরং ভালো লাগে, মানুষ তাঁকে
দুর্বোধ্য মানুষ ভাবে। কবি অবাক হয়ে ভাবেন,
আমি তো বাংলায় কথা বলছি।
শহিদ মিনারের পাশের রাস্তায় হাঁটতে কবি খুব
ভয় পান। এই বুঝি অজ্ঞাত কেউ মাটি ফুঁড়ে উঠে
এসে বলবে, আমার বাংলা নিয়ে কি করলে তুমি?
তুমি কেমন কবি!
একুশ এলেই কবি ফের ভাবতে বসেন, আজ
কি দারুণ একটা সুখের দিন। মানুষ আজও হয়ত
বাংলা বলছে না, কিন্তু বাংলার কথা বলছে সবাই।
কবি ভাবেন, আজ কি তবে একটা কবিতা লেখা যেতো!
কৃতজ্ঞচিত্তে শহিদ মিনারের কাছে মিনতি করে ক্ষমা
চাইতে থাকেন কবি সারাটা বছর। কবিতা না লিখে
যাদুবিদ্যা শিখলে ভালো হতো। সবাইকে বাংলায় কথা বলিয়ে
দিতেন তিনি। যাদুবিদ্যা নিয়ে একটা বাংলা কবিতা লিখবেন তিনি।
(কবিতাটি আমার একুশ একাত্তরের কবিতা কাব্যগ্রন্থে প্রকাশিত)