Poetry

ঠুলি

September 28, 2026

5 views

আমাদের দুই চোখে কখন ঠুলি পড়েছে,
আমরা কেউ জানতে পারিনি;
অথচ চারদিকে কত আজান, কত নীরব ডাক,
কত দরবেশ হেঁটে গেছে হৃদয়ের দুয়ার ছুঁয়ে।
আমরা সব শুনতে পেয়েছি।
বেহালার কান্না, পাখির ডানা,
মায়ের দীর্ঘশ্বাস, নদীর গোপন কথা।
শুধু যে কণ্ঠটি বলেছিল,
আমি তোমারই ভিতরে,
সেই কণ্ঠ শুনেও শুনিনি।
আমরা মানুষ দেখেছি,
দেখিনি মানুষের ভিতর লুকানো নূর;
মসজিদ দেখেছি, মন্দির দেখেছি,
দেখিনি সিজদার মাটিকে,
অথচ সেটি আমাদেরই বুকের ভেতর বিছানো।
কেউ বলল, এ দুনিয়া সত্য।
কেউ বলল, সবই মায়া।
আমি দরবেশের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম,
তবে সত্য কোথায়?
সে মৃদু হেসে বলে, চোখ খুলে কী হবে,
যদি অন্তর এখনো ঘুমিয়ে থাকে?
সেদিন জেনেছি, ঠুলি চোখে ছিল না,
ঠুলি ছিল আমার নফস এর হাতে।
আমি সারাজীবন আলো খুঁজেছি বাইরে,
অথচ সেই নূর নিঃশব্দে জ্বলছিল আমারই অন্তরে।
হায়, এত কাছে ছিল সে, কোনদিন দেখিনি।
কখন আমাদের চোখে ঠুলি পড়েছিল,
আফসোস, আমরা কেউ জানতেও পারিনি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login