Poetry

চিঠি

September 29, 2026

18 views

প্রতিদিন তোমার চিঠি আসে।
প্রতিদিন লিখে যাচ্ছ তুমি,
রোজকার আমার অভাবের সব কথা।
আকাশ হতে সব আমি দেখতে পাই।
আকাশ হতে আমি তোমার সব চিঠি পড়তে পারি।
তুমি মাঝে একদিন আমার বাড়ির পাশের রাস্তা দিয়ে
যাবার সময় আমার বাড়ির দিকে তাকিয়েছিলে, লিখেছ।
তোমার এ চাকুরীটা ভাল লাগছে না, সেও লিখলে।
আমার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনে রেখেছ, লিখেছ।
তুমি জানো, আমি কিন্তু জানি তুমি কি কিনেছ!
ঐ যে, বললাম না; আকাশ হতে আমি সব দেখতে পাই।
এখানে সারাক্ষণ আমি তোমার দিকে তাকিয়ে থাকি।
নিঃসাড় আকাশ মাটির মাঝে আমি বসে আছি।
আরো উপরে যাওয়া যেতো, অতো উপরে
উঠলে তোমায় যদি হারিয়ে ফেলি!
গত সপ্তাহে তোমার ঘরের পর্দাটা পাল্টেছো।
তোমার ঘরের চেহারাটাই পাল্টে গেছে।
জানোই তো, আমি সব দেখতে পাই।
আকাশে আসলে তুমিও সব দেখতে পাবে।
সব কিছু শুনতে পাবে।
আমি জানি, তুমি উপেক্ষার কষ্টে কষ্ট পাচ্ছ প্রতিদিন।
আমার এখানে তো কোন ডাকঘর নাই। তাই রূহের
আকুতি পাঠিয়ে দিই তোমার বুকে রোজ মাঝরাতে।
একদিন আচমকা তুমিও টের পাবে, যেদিন তোমার
বুক ভর্তি হয়ে যাবে আমার পাঠানো কথামালায়।
এখানে দিন নাই, রাত্রি নাই, বর্ষা নাই, বাতাস নাই,
আলো নাই, অন্ধকার নাই, আমিও তো নাই, এখানে তুমিও নাই।
আমার কাছে কবে আসবে?
পার্থিবে তুমি আমার অপেক্ষায়,
আর অপার্থিবে আমি তোমার পথ চেয়ে বসে আছি।
অলখে ভালোবাসা আজ এপার ওপারের গল্প হয়ে আছে।
তুমি এখনো জানতে পারোনি আমি কোন অলখে থাকি!

(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login