আজ দিনের আলো নিভে গেলে আমাকে
একটা গান শোনাবি? তখন বৃষ্টি হবে, আমি
জানি। আমি হেলান দিয়ে দাঁড়িয়ে রইব ঘরের
দরজায়। তোর গানের সাথে টিনের চালে বৃষ্টি
একাকার হয়ে মুগ্ধতায় আমি নাচব উঠানে।
আমি এলোমেলো হয়ে যাব, চেঁচাবো আকাশের
দিকে তাকিয়ে। আজ দিনের আলো নিভলে গান
শোনাবি তো? অন্ধকারে তুই আমি আর তোর গান।
আজ অনেক বৃষ্টি হবে। বৃষ্টির ফোঁটা হয়ে
মুক্তো নেমে আসবে পৃথিবীতে। অন্ধকার
হয়ে এলে সে মুক্তো পায়ে মাড়িয়ে তোর গান
শুনবো, আর চিৎকার করে বলব, তুই আমার।