Poetry

ইদানীং

September 30, 2026

6 views

আমি ভাবছি, সুজাতাকে আজ বলে দেব।
তার হাতের মাছের চচ্চড়িটা আমার খুব
ভাল লেগেছে। ওটা এতো ঝাল! আমি
মরিচের আগুনে অস্থির হলে সে কেমন
একটা মুখ করে আমাকে পানি এগিয়ে দিল!
ভুরুদুটো অল্প একটু কুঁচকে আমার দিকে
তাকিয়ে তাকিয়ে থাকা তোর মুখটার প্রেমে
পড়ে আমার প্রতিবেলায় ঝাল কিছু খেতে
ইচ্ছে করে। প্রতিটা দিন নানা অজুহাত খুঁজি,
আমি ঝাল কিছু মুখে দিয়ে তোর সামনে যেতে চাই।
দৈনন্দিনের হাজার গল্পে জীবন নিজের মতো
গুছিয়ে দেয় মানুষকে, আর বলে দেয়- সব কিছুকে
স্মৃতিতে রাখতে চায় না সে। অথচ স্মৃতির বাইরেও
কত শত ঘটনা জীবন নিজের কাছে রেখে দেয়।
আমার পথ হারিয়ে গেছে, তাই আমার এখন
তোর কাছে যাওয়া হয় না। দিনে দিনে পা দুটো
উবে গেল। কতদিন দেখিনা তোকে, না দেখে
দেখে চোখেরাও খসে পড়েছে। স্থবির হওয়া
মানুষ নড়েচড়ে না, দেখেও না। শুধু ভালবাসে।

(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)

Picked up where you left off

Comments

robin ahmed was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • robin ahmed 1 hour ago First reader

    দারুণ লিখেছেন। কতদিন দেখিনা তোকে, না দেখে দেখে চোখেরাও খসে পড়েছে- এ বাক্যটা ক্লাসিক হয়েছে। বিরহ প্রকাশের ক্ষেত্রে এটা দারুণ একটা বাক্য হয়েছে। খুব ভালো লেগেছে কবিতাটি।