খেতের আলের উপর উপুড় হয়ে পড়ে আছে বর্ণমালা,
অবহেলে জরাজীর্ণ ভাষা ফুটপাতে ধুলোর বুকে
শুয়ে থাকে অসীম ক্লান্তিতে বিধ্বস্ত মুখ করে। শহরের
দুষিত বাতাসে উড়ে যায় বর্ণমালার শব্দবৃক্ষেরা। আবার
এসেছে অলখে অন্য কিছু, বিস্মৃত হচ্ছে ভাষা। সালাম,
বরকত, রফিক, জব্বার ফেস্টুন হাতে ভাষার দাবিতে
দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্লোগান দিয়েই যাচ্ছে-
তোমার ভাষা বাংলা,
আমার ভাষা বাংলা,
সবার ভাষা বাংলা।
ক্লান্ত শ্রান্ত শহিদের বুকের ভেতর সেই হাহাকার-
বাংলা হোক সবকিছু, বাংলা বর্ণে হোক বাংলা একাকার।
ফুটপাত হতে ফের উঠে দাঁড়াক আমাদের বাংলা প্রেম।
আবার সোজা হয়ে বসুক খেতের আলের শ্রান্ত বর্ণমালা।
বিশুদ্ধ বাতাসে ভেসে আসুক বাংলা সুর আর গান।
নিখাদ বাংলায় জীবনের গানে মুগ্ধ হোক মানুষের প্রাণ।
মানুষ হাসুক, কাঁদুক, ভাবুক বা দেখুক সব বাংলাতে।
ভাষাপ্রেমটা ফের প্রগাঢ় হোক সব মানুষের বুকে।
বুকের কথা বাংলা হোক আবার সবার মুখে মুখে।