এত দারুণ সৌন্দর্য নিয়েও কিছু ঘটতে পারে!
একটা অদ্ভুত নীলাভ আলোকরশ্মি এসে
আচমকা চারপাশকে পূর্ণ করে দেয়। উজ্জ্বল
নীলের ভেতর হতে আলোময় কেউ পাশে বসে
আমার হাত ধরে বসে। আমার চোখে চোখ রেখে
মুচকি হাসে। গভীর মমতার চোখে আমায় মৃদু
স্বরে বলে, কেমন আছ তুমি এখন?
তীব্র অবিশ্বাসের চোখে চেয়ে থাকি আমি,
স্বপ্ন না সত্য তুমি?
আমি তোমার স্বপ্ন, এখন সত্য হয়ে এসেছি।
এতদিনে এলে?
আমি তোমায় নিয়ে যেতে এসেছি। এখন চলো।
একবার আমার কপালটা ছুঁয়ে দিবে তুমি?
তুমি মুখ নামিয়ে আনার সময় আমি চোখ
মুদবো দায়মুক্তির অসীম কৃতজ্ঞতায়।
আহা! মৃত্যুর চেয়ে নির্মল সত্য আর নেই।
(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে নেয়া)