Poetry

কোলাহল

October 1, 2026

21 views

একদিন আমি আবার কোলাহল শিখতে যাবো।
পৃথিবীর সব কোলাহল শিখে নিয়ে সেগুলোকে
বুকপকেটে নিয়ে হাঁটবো। হেঁটে হেঁটে আমি
শহরের বাস স্ট্যান্ডে যাবো, গুলিস্তান মোড়ে
যাব। মাঝে মাঝে ট্রাফিক জ্যামের ভিড়ে দাঁড়িয়ে
থাকব। সব কোলাহলের জায়গায় আমি আমার
পকেট হতে আলগোছে এক চিমটি কোলাহল
বের করে সেসব জায়গায় ছড়িয়ে দেব। মানুষ
দিগ্বিদিক ছুটবে কোলাহলে। কেউ কেউ বলবে
আজই কি ইসরাফিলের শিঙ্গা ফুঁকার দিন এলো।
আমি আমার কোলাহলগুলো কুড়িয়ে নিয়ে ফের
হেঁটে হেঁটে চলে যাব দূরের জনপদে। যেখানে
কেবল অভাবের কান্না, কষ্টের আর্ত চিৎকার আর
কাফনের কাপড়ের রমরমা ব্যবসা। সেখান হতে
কোলাহলদের ছিনিয়ে নিয়ে ফিরে যাব নগরে।
পানশালায় হুল্লোড়ে আজই আসা কিশোরী ভয়ের
চোখে সাহেব পশুদের দেখছে তখন। আধটুকু
ভুলে যাওয়া দোয়া পড়ে সে ভাবছে, দোজখের
এ নতুন চেহারার কথা তো মৌলভী শেখায়নি
তারে। আঙ্গুলের ডগায় একটু কোলাহল মেখে
নিয়ে সেখানে মেখে দেব একটা টেবিলের কোণায়।
সাহেবেরা তখনো ব্যাস্ত টেবিলে খালী গ্লাস গোনায়।
সেখানে তখন কেয়ামত নামবে। কিশোরী অবাক
হয়ে দেখবে, সবার কি হলো হঠাৎ সেখানে তখন।
সমগ্র নগরে আমি কোলাহল ছিটাতে ছিটাতে ঘুরব
তখন। অসংখ্য মানুষ বহুদিন পর স্রস্টাকে ডাকবে
তখন। আমি মুচকি হেসে রিকশায় চড়ে ভাববো,
স্রস্টার পালা আসেনি এখনো, আসবে কিছু পরেই।


(কবিতাটি আমার 'আজ আকাশকে বলে দেওয়া যায়' কাব্যগ্রন্থ থেকে)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login