Article

কাফাসো'র কৃষিভাবনা (পর্ব-১)

October 2, 2026

48 views

কৃষি বলতেই আমদের চোখের সামনে যা ভাসে তা হলো ফসলভরা মাঠ, ধানের ক্ষেত, ফল কিংবা ফুল। কিন্তু সত্যি বলতে পড়াশোনা করতে গিয়ে বুঝেছি কৃষি নিয়ে আলোচনার পরিসর কতটা বিস্তৃত। ধানগাছ থেকে শুরু করে ফলজ বনজ বৃক্ষ তো আছেই, এমনকি আগাছা থেকে শুরু করে উপকারী / অপকারী পোকামাকড় কিছুই বাদ নেই!

পশুপালন, মাছচাষ, কৃষি যন্ত্রপাতি এবং গ্রামীণ সমাজবিজ্ঞান ও অর্থনীতিও কিন্তু কৃষিবিজ্ঞানের অন্তর্ভুক্ত। ত্রিশ বছর আগেও দেশের ৮০ ভাগ লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল, আজও এমনটাই আছে। এইসব জনগণের মধ্যে একমাত্র মাঠ পর্যায়ের কৃষকরাই জানেন, একটা ফসল ফলাতে কত ঘাম ঝরাতে হয়!

কৃষি ভাবনার প্রথম পর্বে আমি আলোচনা করতে চাই, কৃষি এবং কৃষকের পারষ্পরিক মেলবন্ধন নিয়ে। বর্তমান বাংলাদেশে মোট আবাদযোগ্য জমি আছে ৮৮.২৯ হেক্টর। যার মধ্যে শুধু ধানচাষের কথা যদি বলি, মোট আবাদি জমি ২৮৭.৫৫ লক্ষ একর। উৎপাদিত ধানের পরিমাণ ৩৯০.০৯ লক্ষ মেট্রিক টন ( সূত্র- বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট) । যাই হোক, বর্ধিত জনসংখ্যার প্রধান খাদ্য ভাত হওয়ায় অন্যান্য দানাশস্য আবাদ করার চেয়ে ধানটাকেই বেছে নেন বেশিরভাগ কৃষক। যদিও জমিতে বারবার একই ফসল চাষ করলে উর্বরতা হ্রাস পায়। উর্বরতা যাতে হ্রাস না পায়, এজন্য "ক্রপ রোটেশন" নামক একটা টার্ম আছে। বছরে একই জমিতে দুই থেকে তিনটি ফসল চাষ করার ক্ষেত্রে ধানচাষের পাশাপাশি অনেকেই সরিষা কিংবা স্বল্পকালীন শস্য যেমন শিম চাষ করেন।

এটা তো গেল মাঠপর্যায়ের কৃষি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। কিন্তু আমরা যারা শহরে থাকি তারা কি ব্রড আসপেক্টে কৃষিতে ভূমিকা রাখতে পারব? অনেকের তো ফসলি জমি নেই। গাছ লাগানোর জায়গাও নেই, সেক্ষেত্রে করণীয় কী?

আমার মতে কৃষি মানেই কৃষক / গরু ছাগল লালনপালনকারী এমন ভাবনাটা সম্পূর্ণ অবান্তর। বাজার থেকে নিয়ে আসা পুঁই ডাঁটা ফেলে না দিয়ে টবে লাগাতে পারেন। পরিমিত যত্নে ২-৩ বার কচি পুঁইপাতা আপনার পরিবারে পুষ্টি যোগাবে। দেশের কৃষি জিডিপিতে হয়তো এই হিসাব কখনোই গণ্য করা হবে না। কিন্তু নিজের পরিবারের সুস্থতায় ফরমালিন মুক্ত শাকসবজি আপনার পরিবারের সুস্বাস্থ্য কিছুটা হলেও নিশ্চিত করবে।

আমি পুঁই ডাঁটার কথা বললাম, অনেকে হয়তো ভাবতে পারেন, এসব জানার জন্য আবার কৃষি পড়তে হবে? সত্যি বলতে কী, জানার কোনো শেষ নেই। হোক সেটা কৃষি, মাটি কিংবা পৃথিবী। কৃষি নিয়ে ভাবনার প্রথম পর্বে শুধু একটা বার্তা দিতে চাই। আমাদের প্রত্যেকের জীবন কোনো না কোনোভাবে ঘুরেফিরে কৃষির সাথেই সম্পৃক্ত। একদিনে তো সব জানা সম্ভব নয়। পুঁই বাদে আর কী কী শাক সবজি আপনারা ঘরে/ বাসার ছাদে চাষ করেন, জানাতে ভুলবেন না কিন্তু।

পরবর্তী পর্বগুলোতে চেষ্টা করব উপকারী কিছু ফল, ফুল, ফসল এবং বৃক্ষ নিয়ে। আজকের মতো এতটুকুই।

শুভ রাত্রি।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login