ডাকবাক্সে নানান রংগের পাথর রেখে যায় কেউ
প্রতিদিন। অজ্ঞাত সেই কাউকে সবাই গালমন্দ
করলেও খুব সংগোপনে আমি পাথরগুলো জমিয়ে
রাখি আমার চোখের ভেতর। কোনদিন দেখা হলে
মান অভিমানের গল্পে তুমি সে পাথরগুলো দেখতে
পাবে। হাসি কান্না রাগে- একেক সময়ে তোমায়
একেক রংগের পাথরের দৃষ্টিতে দেখবো। বুঝে নিয়ো,
কিভাবে আমি তোমার স্পর্শকে ধারন করে থেকেছি।
তুমি তোমার পাঠানো নানান রংগের পাথর বসানো
আমার চোখের আরশিতে নিজের প্রতিবিম্ব দেখবে তো?