Poetry

দেয়াল

October 3, 2026

43 views

দেয়ালের সাথে মানুষকে ঠিক মানায় না।
তবু তারা একসাথে থাকে। নিরেট নির্বোধ
দেয়ালের জীবনে চোখ নাই, কথা নাই,
শুধু কান আছে। দিনের পর দিন দেয়াল
সব শুনে যায়। কামনার ফিসফিস বা
ক্রোধের সংলাপ বা অঝোর কান্না অথবা
রাজনীতির আড়ালের গল্প সব চুপচাপ
শুনে যায় দেয়াল। কখনো শ্রান্তিতে হেলান
দেয়া মানুষের স্পর্শ পেয়ে সে শিহরিত
হয় আবার অসহায় কেউ সেখানে ঠেস
দিয়ে বসে ঝিমুলে তার বুকের ধুকপুক
শুনে দেয়ালও গুমরে কাঁদে। ভূমিমুক্তির
লড়াইয়ে দেয়াল বুক পেতে গুলি খায়,
আড়ালের মানুষদের বাঁচিয়ে দেয় সে।
আবার কড়িকাঠে ঝুলে যাওয়া মানুষের
শেষমূহুর্তের বাঁচার আকুতি শুনে দেয়াল
ভাবে, মানুষ এত খেয়ালী কেন? কোনদিন
কেউ এসে সে দেয়ালে শ্লোগান লিখে যায়।
নিজের বুকে শ্লোগান লেখা দেখে দেয়ালেরও
মন চায়, সে মানুষ হলে নুর হোসেন হতো।
সময়ে দেয়ালেরা জীর্ণ হয়ে যেতে থাকলে
দিনে দিনে তার ইট খসে পড়ে। কিছু মানুষ ইট
নেড়েচেড়ে বলে- আচ্ছা, সবাই যে বলে দেয়ালের
কান থাকে, সেটা কোনটা? সেটা দেখিনা কেন?

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • তারিক হোসেন 3 days ago First reader

    জীবনটাই তো এরকম। আস্তে আস্তে দেওয়ালের মতো পুরাতন হয়ে যেতে হয় মৃত্যুর দিকে। অনেক সুন্দর একটি কবিতা। অনেক অনেক শুভকামনা।