সারা আসমান আজ এখন অব্দি মুখ গোমড়া করে আছে।
সূর্যকে উঠতেই দিচ্ছে না। কুয়াশার একটা মোটা পরত
গাঁট হয়ে বসে আছে সারা আসমানে। সকালের রোদকে সে
আজ জমিন ছুটে দেয়নি। এখনো চারপাশ কেমন যেন ভোর ভোর।
এদিকে নগর জীবন সূর্য্যের অপেক্ষা করেনি।
মানুষ বেরিয়ে গেছে। জীবনের দৌড়ে আজ কাকে
কোথায় যেতে হবে, সে শুধু সেই মানুষগুলো নিজে জানে।
সব দৌড়ের শেষে ভাত এর গল্প। ভাত এর গল্পটা সারা জীবন
জড়িয়ে থাকে। যেদিন ভাত এর গল্পটা তৈরি হয় না,
সেদিন মানুষ মন ভার করে চলে যায়। আমরা প্রকারান্তরে
ভাত এর গল্পের শেষ অধ্যায়ে চলে যাচ্ছি। কখন কার অধ্যায় শেষ,
কেউ জানিনা। এই অনিশ্চিত পৃথিবীতে আমাদের সকলের
ভাতের গল্পটা আরো বহুকাল, বহুবছর থাকুক।
আমাদের বেঁচে থাকাটা খুব দরকার, কিন্তু কী দরকার,
সেটা আমরা জানিনা। শুধু জানি, আমাদের ভাত দরকার।