পলেস্তারা খসা পুরোনো দেয়ালের কোণে
ঝুলে আছে মাকড়সার জাল,
রাত নামলে এখন আর শোনা যায় না
বৈঠকি আসরের তানপুরার 'তাল'।
সখি-বেষ্টিত রাজকন্যা ঘুরে বেড়ায় না
বনে-বাদাড়ে কিংবা গহীন জঙ্গলে
আপন মনে সাঁতার কাটে না
রাজার শান-বাঁধানো পুকুরের পদ্মজলে।
নিরন্ন কৃষক পায়ে পড়ে করুণ কণ্ঠে বলে না,
"এবারের মতো খাজনা মাফ করেন, জাঁহাপনা!"
কোথায় সেই জমিদারি, বর্গির শাসন?
সময়ের আবর্তে এসব এখন শুধুই কল্পনা।