একটা মানুষ হারিয়ে গেলেও
তাঁর অধিক কিছু থেকে যায়
হয়তো বালিশের পাশে লম্বা চুল
কিংবা চুলের ক্লিপ
হয়তো খুঁজলে পাওয়া যাবে চায়ের কাপে
হালকা লিপস্টিকের দাগ
আয়নায় চুল আচড়াতে গিয়ে চোখে পড়বে
নীল টিপ লাল টিপ সবুজ টিপ
কাঁথায় মুখ গুঁজলেই পাওয়া যাবে
সেই মাতাল মাতাল গায়ের গন্ধ
ভালবাসার নামতা তো আর একা পড়া হয় না
ঘরের চার দেয়ালে সেই নামতারা ভিড় করবে
বারান্দায় জোছনা এলে মনে পরে যাবে তার মুখ
গ্রিলে বৃষ্টির ছাঁট জমতে থাকলে কানে ভাসবে
তার গুনগুন করে গাওয়া বরষার গান
সেই মানুষটা চলে গেলেও
সে হাজারো অজুহাতে থেকে যাবে
কেবল কেউ জানেনা
কোনো এক মানুষের পাঁজরের খাঁচায়
সেই হারিয়ে যাওয়া মানুষটা কতখানি জুড়ে থাকে
কতখানি মিশে থাকে হৃৎস্পন্দনে দেবী হয়ে
প্রতিটা নিঃশ্বাস সেই দেবীকে ভালবাসার অঞ্জলি দেয়
ভালবাসার মানচিত্রে সে পুরো সাম্রাজ্য জুড়ে থাকে
একটা মানুষ হারিয়ে গেলে তাঁর শরীরটা হয়তো হারিয়ে যায়
কিন্তু সে কখনোই ফুরায় না- সে থাকে
থেকে যায় বুকের খুব গভীরে- নির্জনে- একান্তে