অদ্ভুত অচেনা মেঘ এসে থমকে আছে আজ,
সারা শহরে অভিমানের নিরব হুল্লোড়ে
চোখের জলে বর্ণমালা লিখছে না কেউ।
ছাদের কিনারায় থমকে আছে ফেলে আসা বিকেল,
হাওয়ার কাঁধে দোল খায় অভিমানের মিছিল।
কান্না আর কুয়াশার ফাঁকে আকাশে ঐ অচেনা মেঘ।
চায়ের কাপের ধোঁয়া উড়ে যায় একা,
জানালার পাশে বসে থাকা বিষণ্ন সন্ধ্যা।
আকাশের গায়ে তখনো অভিমানের নিখোঁজ সংবাদ।
কেউ কি এখন মুষলধারে বৃষ্টি চাইছে?
বাতাসে কি এখন সেই বৃষ্টির গন্ধ!
অভিমান মানে কি শুধু রাগ?
সেটিতো ভালোবাসা।
আজ শব্দরা ক্লান্ত, কবিতার মুখ গোমড়া,
শুধু মেঘেরা জানে, তাদের ঠিকানা কোন আকাশে!
আর কতটা চুপ থাকলে বলা হবে,
মানুষ শুধু ভালোবাসায় বেঁচে থাকে।