এই শহরে সকাল আসে
একটা কাশির সাথে,
পুরোনো গলির মুখে এক রিকশাওয়ালা
বসে আছে, পায়ের ওপর পা তুলে,
চা ঠাণ্ডা হয়ে গেছে।
তবু ঠোঁটে তুলে নেয় শুধু অভ্যাসবশে।
মানুষ ঘুমায় না এ শহরে এখন,
যারা ছেঁড়া কম্বলের নিচে ঘুমায়
তারা মানুষ নয়, পরিত্যক্ত কিছু ।
এদের নামে কোনো চিঠি আসে না,
এমনকি ভোটার লিস্টেও নামের বানান ভুল কিংবা নামই নেই।
ওদিকে এয়ারকন্ডিশনড টাওয়ারে
টাকার গন্ধ ওঠে বাতাসে,
যেখানে লিফট কথা বলে,
নি:শ্বাসের গল্পে জীবন নয়, ভোগের উত্তেজনা বড় দালানে।
এ শহরে মুখোমুখি কথা বলে না কেউ,
শুধু বিজ্ঞাপনের কন্ঠ,
‘তোমার হাসি চাই সুন্দর হোক,
তোমার ঘর হোক নিঃশব্দ!’
টুথপেষ্ট এবং এয়ারকন্ডিশনে ছেয়ে গেছে সারা শহর।
এদিকে ময়লা কুড়ানিওয়ালার ব্যাগে চুপ করে বসে থাকে
সংবিধান আর কালকের বাজারদর।
টাকায় সুখ নাকি ফুটপাতে মাদকে সুখ-
দ্বিধাগ্রস্ত নগরবাসী।
এই নগর জানে না করুণা,
জানে হিসাব।
তুমি কী করো, কেমন দেখাও,
আসছো অফিসের সময়মতো,
এইটুকুই মুখ্য।
এ শহরের সিমেন্টের জংগলে
আমরা হাসিমুখে ঘুরে বেড়াই আর
মাঝে মাঝে দাঁতে জিব কামড়ে বলি,
সব ঠিক আছে, আমরাও ভালো আছি।