রোদ নাকি ছায়া
মাহমুদ আলী খন্দকার
রোদ আর ছায়ার মধ্যে তোমার কোনটা পছন্দ?
নিশ্চয়ই ছায়া! আমার রোদ, সে আমার বোধ।
কারন রোদ না পেলে হাড্ডি শক্ত হয় না
হাড্ডি শক্ত না হলে মেরুদণ্ড শক্ত হয় না
মেরুদণ্ড শক্ত না হলে প্রতিবাদের শক্তি হয় না
প্রতিবাদ ছাড়া কখনো বিপ্লব হয় না
বিপ্লব না হলে ভেতর ও বাহিরে পরিবর্তন আসে না
পরিবর্তন না হলে প্রগতি থমকে যায়
বুদ্ধিজীবীদের মস্তিষ্ক স্থবির হয়ে যায়
তারুণ্য উৎসাহ হারিয়ে সময়ের তাল হারায়।
গরম রক্ত ছায়ার প্রশান্তিতে জমে যায়
মানুষের দাম একটু একটু করে কমে যায়
শাসকের দন্ডের ভয়ে ভেতরে ভেতরে দমে যায়
জীবন্মৃত অমেরুদণ্ডী মানুষে দেশ ভরে যায়
পায়ের তলা থেকে মাটি ধীরে ধীরে সরে যায়
তারপর হঠাৎ একদিন দম আটকে মরে যায়।
অনাগত সময়ের সামনে মেরুদণ্ড সোজা করে
বুক চিতিয়ে দাড়াতে আমার তাই রোদই পছন্দ।