সিমেন্ট আর ইট বালির এই অরণ্যে
প্রতিদিন সকালে ভাবি, অনেক পেছনে
ফেলে এসেছি আমার অতীতের পাহাড়ি
গ্রাম, পাশের ছোট খরস্রোতা নদী।
সেই আমেজ নাই শহরের বাতাসে।
বাতাসে গাছের গন্ধ পাই না, সূর্যটাও
কেমন রুক্ষ লাগে এখানে। পাখির ডাক
ছাড়া জনপদ হয় কিভাবে?
উন্নত জনপদ মানেই শহর, তাও ঠিক নয়।
ভাল জনপদে মাটির রাস্তা এবং খরস্রোতা নদী
থাকলেও পারতো। বর্ষায় ঘরের পাশে
ব্যাঙ ডাকতেও পারত অথবা একটা দোয়েল
এসে বারান্দার গাছে বসতে পারত।
যখন ছুটি হবে, আমি গ্রামে গিয়ে ঘুমোতে
যাব। অনন্ত দিনের জন্য ঘুম। অনেক ভাল
লাগাকে আমরা ফেলে আসি পেছনে,
স্রেফ পেটের দায়ে।
প্রতি সকালে আমার গ্রামের কথা মনে পড়ে।
(এ কবিতাটি আমার লেখা আমাকে স্মরণ করার জন্য ধন্যবাদ কাব্যগ্রন্থ থেকে নেয়া। বইটি ২০২০ সালে প্রকাশিত হয়েছিল)