Poetry

ঈশ্বর আকাশেই থাকেন

October 16, 2026

16 views

উস্কোখুস্কো চুলে জড়ানো
ধোঁয়া আর ঘামের মিশেলে ময়লার আস্তর।
তবু তার চোখে জলহীন এক নদীর রেখা,
যার তীরে দাঁড়িয়ে ছিল একদিন মা।
খালি পায়ের নিচে
ভাঙা কাঁচ নয়, কংকর নয়, বাবার মুখভঙ্গি,
লাল রক্তে নতুন নকশা আজ ঘরের দেয়ালে।
জানালার কাঁচে এখন রৌদ্র নয়,
আছড়ে পড়ে বারুদ।
চারদিকে আশ্চর্য মাতম।
তার ছোট্ট বোন,
মায়ের বুকে কুয়াশার মত মৃদু, শিশিরের মতো ছোট,
এখন কি পোড়া খেলনার ভেতর সে?
নাকি দেয়াল চাপায় পাখির ছায়া হয়ে গেছে?
শিশু জানে না, সে কী খোঁজে!
খাবার খুঁজছে, নাকি বাবা-মায়ের মুখ?
মাঝে মাঝে কপালের ঘাম মোছে সে।
সে কপালে যুদ্ধগল্প লিখে চলেছেন ঈশ্বর উদার হস্তে!
ধর্ম এসেছে বহুবর্ণ পতাকায়,
অথচ যুদ্ধের মুখখানা একইরকম,
গাজা, তেহরান, তেলআবিব বা ইউক্রেনে।
লাশ, কান্না, হাহাকার, বুটের তলায় মানুষের বুক,
ঈশ্বর কি সেসবের কিছুই জানেন না?
সবখানে বুলেট ছুটে গন্তব্য ছাড়া।
পরিণতি কেবল লাশ আর লাশ।
হয়তো শিশুটি হাঁটছে এক উপমার ভিতর,
যেখানে ভাঙা খেলনা মানে শব,
আর জ্বলে ওঠা দালান মানে
মায়ের চুলে লেগে থাকা আগুন।
তার পেটে ক্ষুধা নেই এখন,
আছে এক স্থায়ী শূন্যতা,
ক্ষুধায় সে ভাবতে থাকে, মাটি কি খাওয়া যায়!
রাতের আকাশে তাকিয়ে সে ঈশ্বরকে খোঁজে।
সেখানে একেকটি নক্ষত্র যেন
মারা যাওয়া বাবা মায়ের নিখোঁজ সংবাদ।
তার স্বপ্নে বোমার শব্দ ফোটে,
কিন্তু হঠাৎ হঠাৎ
একটা জলজ ফুলকে ভেসে যেতে দেখে সে।
মায়ের কণ্ঠে শেষবার শুনেছিল যেটি,
ভয় পেয়ো না, আমি আছি।
এখন সে হাঁটছে,
একটি প্রশ্নের আকারে,
এবং একটি অসীম প্রশ্নকে বুকে নিয়ে।
আকাশে ঈশ্বর থাকলেও
ধ্বংসস্তূপে তিনি নেই কেন?
নাকি ধর্মের গল্পগুলোই বানোয়াট!
শিশুটি জানে না কবিতা কী,
তবু তার প্রতিটি পা
লিখে যায় একেকটি শোকের ছন্দ।
যেখানে শব্দ নয়,
নীরবতাই হাহাকারের ভাষা।

ঈশ্বর আকাশেই থাকেন,
আর জমিনে মানুষের লাশ
যুদ্ধের দামামায় একাকী শিশু উত্তর খোঁজে,
ধর্ম কি স্রেফ পরিহাস।

Picked up where you left off

Comments

sayed mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • raisa 11 hours ago

    ক্লাসিক লিখেছেন।

  • Eponon Bd 15 hours ago

    যুদ্ধ এবং শান্তির আর্তি। খুব ভালো লিখেছেন।

  • R Masud 16 hours ago

    দারুণ বর্ণনাতে যুদ্ধের স্বরূপ তুলে আনলেন। পুরো পৃথিবীতে আজ যুদ্ধের দামামা। কতো মানুষ আজ স্রষ্টাকে ডাকছে। কবিতাটি ভালো লিখেছেন।

  • sayed Hossain 16 hours ago

    কী নিদারুণ একটা পরিস্থিতি নিয়ে আনলেন এ লেখায়। কবিতাটি ক্লাসিক।

  • mamun abdulla 16 hours ago

    যুদ্ধ এবং নিষ্ঠুর পৃথিবীর ছবি এঁকেছেন। একতা শিশুর অবোধ মনের আশর্য জিজ্ঞাসা। দারুণ লিখেছেন।

  • sayed mahmud 17 hours ago First reader

    দারুণ লিখেছেন। যুদ্ধের ভয়াবহতায় একটি শিশুর চোখে নির্নম বাস্তবতার দেয়াল। সে ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছে। সিম্পলি ক্লাসিক।