বর্ষার কালো মেঘ কেটে গিয়ে,
শরতেরা সাজে কত না রূপে!
সাদা মেঘেরা ভাসে নীরবে;
নিঃশব্দে বকেরা ডানা মেলে।
নীলেরা তারই ফাঁকে উঁকি মারে,
তাই দেখে বৃক্ষরা তাকায় ঊর্ধ্বপানে।
লোহিত কিরণ দেয় ছড়িয়ে,
রক্তিম সূর্য ডুবে যাওয়ার আগে;
তাতে সাদা মেঘে কতই না রঙ ধরে!
ক্লান্ত শালিকের ঘরে ফেরা—
সন্ধ্যা মালতী ফোটার অপেক্ষায়।
এই যে এত এত আয়োজন,
মিটবে কি আমার প্রয়োজন?
চেপে আছে বিষণ্ণ মেঘেরা,
ঢাকা পড়ে আছে নীলেরা।
জোছনারা পৌঁছায় না,
আশারা আর ফোটে না,
স্বপ্নরা ডানা মেলে না।
ভাবি চোখ বুজে ঊর্ধ্বপানে—
সময় যাচ্ছে বয়ে,
বারবার আসা হবে না
সাদা কাশের সাথে।
কবে মেঘ কেটে যাবে?
কেটে যাবে অন্ধকার?
কবিতারা পাবে ছন্দ,
সুরেরা ঘুচাবে দ্বন্দ্ব।
মালতীরা ফুটবে,
জোছনারা ভিজাবে,
সময় দেবে ধরা—
উড়াবে মেঘের সাথে,
ডানা দুটি মেলে
বেলা ফুরাবার আগে।