Poetry

ক্লিষ্টকালের পয়ার-০৩

November 4, 2026

7 views

নির্জন প্রহরে জমে অব্যক্ত কথার দীর্ঘ ছায়া,
দুর্বিপাকে খুঁজে ফিরি অপহৃত প্রণয়ের মায়া।
কালের ধূলির ঝড়ে আচ্ছাদিত সব পরিচয়,
কোন কোন স্মৃতি কেন তথাপি অবিনশ্বর হয়?

বিষণ্ন বাতাস বয়ে আনে নির্বাসিত কোনো সুর,
নির্বাপিত প্রদীপেও জেগে থাকে আলোর নূপুর।
একদা যে পথে ছিল পায়ের গভীর অনুরাগ,
সেই পথ আজও বুকে বয়ে চলে বিরহের দাগ।

অযুত বিমুখ রাত পেরিয়ে প্রভাত হলো ক্ষয়,
অনুচ্চার আর্তনাদ সব নৈঃশব্দ্যে হয়েছে লয়।
তবু গোপনে হৃদয় কুঠুরিতে অনিবার্য টান,
বিচ্ছেদের অন্তরালে বাজায় অভিসারের গান!

জানো কি তুমি তা, থাকে অপেক্ষারও নির্ধারিত কাল?
যা-টুকু সময় পেলে প্রত্যাশারা স্মৃতির কঙ্কাল!
কোনোদিন যদি ফিরে আসো সে বিস্মরণের টানে,
দেখিবে আমাকে স্থিত কোনো অসমাপ্ত উপাখ্যানে!

Picked up where you left off

Comments

Borhan Mahmud was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 55 minutes ago First reader

    কবিতাটিতে বিরহ, বিস্মৃতি ও অপেক্ষার এক বিষণ্ন অথচ গভীর কাব্যিক আবহ তৈরি হয়েছে। হারিয়ে যাওয়া প্রণয়ের স্মৃতিকে অবিনশ্বর করে রাখার আকুতিটা ভালোভাবেই নিয়ে এসেছেন। ভালো লেগেছে, ভাই। আসসালামু আলাইকুম।