Story

নদীর মতো আপন

November 12, 2026

22 views

শাহজাদী নাসরিন

কখনো কখনো নৌকায় ওঠার জন্য একটা লম্বা কাঠের তক্তা নৌকা থেকে তীর বরাবর আড়াআড়িভাবে পাতা থাকে। আজকে সেরকম নেই। যদিও রাতুলের বয়স মাত্র সাত বছর তবু তীরে দাঁড়িয়ে থাকা কুটি কাকা নৌকায় চড়ার কৌশল তাকে শিখিয়ে দেন। বড় হলে কাজে লাগবে। কৌশলটা শিখতে শিখতে সে বাবার ডান হাত শক্ত করে ধরে নৌকায় পা রাখে ।

প্রতি বছর বার্ষিক পরীক্ষার পর শীতকালে রাতুল গ্রামের বাড়ি বেড়াতে আসে। এবার এসেছে শরৎকালে, বছরের মাঝামাঝি সময়ে। দাদির মৃত্যু সংবাদ পেয়ে বাবা, মা আর সে আজকে ভোর-সকালে দেশের বাড়ির উদ্দশ্যে রওনা দিয়েছে।

রাতুলের দাদাবাড়ি চরে। তার বন্ধুরা অবশ্য ‘চর’ শব্দটা শুনলে অবাক হয়। বাবা বলে, দীর্ঘদিন ধরে পলিমাটি জমা হতে হতে নদীতে চর জেগে ওঠে। এত কঠিন কথা রাতুলের মনে থাকে না। সে শুধু বোঝে সমুদ্রে জেগে ওঠা জমিকে দ্বীপ বলে আর নদীতে জাগলে তাকে চর বলে। চরে থাকার সবচেয়ে বড় অসুবিধা হলো বন্যার সময় চর ডুবে গেলে বাড়ি পাল্টাতে হয়।

যাহোক, চর নাসিরপুরে বাসে করে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই। মাঝখানে নদী পার হতে হয়। তাই সদরপুর পর্যন্ত বাসে এসে তারা নৌকায় চড়ে। নৌকাযাত্রা শেষ হলে বাদাম খেতের মধ্য দিয়ে পৌনে এক ঘণ্টার হাঁটা পথ। তারপর রাতুলের দাদাবাড়ি।

নৌকায় যাত্রাপথের সময়টা কতখানি লম্বা বা ছোট হবে তা নির্ভর করে কোন ঋতু চলছে তার ওপর। যেমন বর্ষাকালে নৌকায় অন্তত দুই ঘণ্টা থাকতে হয়, শরৎকালে আরেকটু কম সময় লাগে। এসবই কুটিকাকার কাছ থেকে শোনা।

নৌকায় বসে নীল আকাশে হাওয়াই মিঠাইয়ের মতো নরম-সাদা মেঘ দেখার ফাঁকে ফাঁকে রাতুল বাবার মুখের দিকে তাকায়। বোঝার চেষ্টা করে, বাবার মন খারাপ কি না।

দেখে অবশ্য মনে হয় না মন খারাপ। বাস থেকে নামার পর দুইজন মানুষ তাদের নিতে এসেছেন। একজন রাতুলের কুটিকাকা, আরেকজন বাবার ছেলেবেলার বন্ধু, খলিল চাচা। আসার পর থেকে বাবা তাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছেন যার বেশিরভাগই সে বুঝতে পারে না।

এই যেমন,

এবার ফসল কেমন হয়েছে?

গ্রামের চেয়ারম্যান ইলেকশনে ভোটে কে জয়ী হতে পারে?

বর্ষায় বন্যা কতখানি ক্ষতি করেছে- এছাড়াও এরকম আরো অনেক কঠিন সব বিষয়।

সে লক্ষ্য করে বাবা একবারের জন্যেও দাদির কথা জানতে চাচ্ছেন না। দাদির বয়স বেশি হলেও, তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরোগ মানুষ ছিলেন। তাছাড়া বাবার মুখেও কোনো কষ্টের ছাপ নেই। মা-বাবা মারা যাওয়ার কথা রাতুল ভাবতেও পারে না। মায়ের হাতের টিফিন বক্সে রাখা তালের বড়া খেতে খেতে তার মনে হয় ওঁরা কেউ মারা গেলে সে মাটিতে গড়াগড়ি করে কাঁদবে অথবা জ্ঞান হারিয়ে ফেলবে।

বড়রা হয়তো অন্যরকম। কিংবা, তাদের হয়তো কষ্ট কম হয়। এসব ভাবতে ভাবতে সে নদীর ছোট ছোট ঢেউগুলো দেখতে থাকে। রাতুলের বন্ধুরা বলে নদীর পানি নাকি নীল। তার কাছে সেরকম মনে হয় না। বরং কাছে থেকে দেখলে বোঝা যায় নদীর পানি আসলে অনেকটা ঘোলাটে সবুজ রঙের। নৌকা থেকে বেশ কিছুটা দূরে কি যেন একটা কালো চকচকে প্রাণি হঠাৎ টুপ করে ডুব দেয়। রাতুল সেদিকে তাকাতেই,

কুটি কাকা বলে, ওটা একটা শুশুক।

দেখতে দেখতে নদীটাকে তার দাদির মতো আপন মনে হয়। রাতুল এসেছে, তাই বড় ঢেউ দিচ্ছে না। হালকা করে নৌকাটাকে বুকের মধ্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক যেভাবে দাদি তাকে বুকের মধ্যে নিয়ে শুয়ে থাকতো, তেমন করে। দাদির কথা মনে পড়তেই রাতুলের বুকটা ভারী হয়ে ওঠে। সে আরেকবার বাবার নির্বিকার মুখের দিকে তাকায়।

তীরে নৌকা ভীড়লে কাকুর হাত ধরে সে নামে। তারপর হাঁটতে শুরু করে মরুভূমির মতো বালুময় বাদাম খেতের মধ্য দিয়ে। হাঁটতে হাঁটতে তার ছোট্ট পা দুটো ব্যথা করে, তবু আশেপাশে কোথাও রিকশা দেখা যায় না।

তারা যখন দাদাবাড়ি পৌঁছে তখন দুপুর গড়িয়ে বিকেল। বাড়ির উঠানে পা দিয়ে কিছুই আর আগের মতো মনে হয় না। মনে হবেও না কোনোদিন।

উঠানের মাঝখানে একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ খাটিয়াতে রাখা। এখানে এসে বাবার বড় মানুষের গাম্ভীর্য কোথায় যেন উড়ে যায়। বড় চাচা, নোয়া চাচা, আরও অন্যান্য অচেনা মানুষজন এসে রাতুলের সাহসী বাবাকে জড়িয়ে ধরতেই সে শিশুর মতো হাউমাউ করে কেঁদে ওঠে। এই প্রথম রাতুলের মনে হয়, বড়দেরও কষ্ট হয়, কিন্তু তাঁরা তা দেখাতে চান না।

লেখকের নোট: শিশু-কিশোরদের একটিি ম্যাগাজিন সবুজ প্রকৃতি, নদীর গল্প চেয়েছিল। পাঠিয়েছিলাম এই গল্পটা। পছন্দ হয়নি তাঁদের। অগত্যা ফেইসবুকে দেওয়া।

আমার খুব পছন্দের একটি বিদেশি নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা এই গল্প। কিন্তু গল্পটি আমার খুব কাছের এবং প্রিয় সম্পূর্ণ ভিন্ন কারণে।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login