Fiction

"ডাকপিয়ন এবং যে চিঠি কখনো পৌঁছেনি"

November 17, 2026

14 views

সেদিন ১৭ নভেম্বর ২০২৫, সোমবার।

শ্যামাচরণের রিটায়ারমেন্ট পরের রোববার। মানে আজ থেকে ঠিক ৬ দিন পর।

একত্রিশ বছর সে মানুষের বাড়িতে চিঠি বিলি করে বেড়িয়েছে। কৈশোরের দুরন্ত চঞ্চল শ্যামার পোস্টম্যানের চাকরিটা বাবা শেষ সময়ে ম্যানেজ করে দিয়েছিলো। সেই অস্থির শ্যামা এরপর থেকে একত্রিশ বছর চিঠির অপেক্ষায় থাকা মানুষ খুঁজে বেড়িয়েছে।

কারও চাকরির নিয়োগপত্র, কারও প্রেমপত্র, কারও সন্তানের প্রথম চিঠি, আবার কারও মৃত্যুসংবাদ। মানুষের জীবনের কত গুরুত্বপূর্ণ মুহূর্ত যে তার সাইকেলের ক্যারিয়ারে চড়ে ঘুরে বেড়িয়েছে, তার হিসাব সে নিজেও জানে না।

আবার কখনো কখনো ঠিকানার ভুল, কিংবা প্রাপক খুঁজে না পাওয়ায় অনেক চিঠি পৌঁছাতো না প্রাপকের হাতে। প্রেরকের কাছে ফেরত গেলেও কিছু চিঠি পড়ে থাকতো পোস্ট অফিসের একটা অন্ধকার বাক্সে।

সকাল সকাল পোস্ট অফিসে এসে আজ সেই বাক্সটা খুলে বসলো শ্যামাচরণ। উদ্দেশ্য সেই চিঠির মালিকদের খুঁজে বের করা।

যদি সম্ভব হয় চিঠিটা পৌঁছে দেয়া। অনেকদিন পরে হলেও যদি কেউ সেই চিঠি পেয়ে খুশি হয়। অবসর সময়ের একটা তৃপ্তি নিয়ে থাকার ইচ্ছায় বেশ কয়েকটা চিঠি সে হাতে নিলো।

ছাতিয়ে যাওয়া অনেক খামে দাগ পড়ে গেছে। ঠিকানা অস্পষ্ট, প্রাপকের ঠিকানা থাকলেও সেগুলো কখনো প্রাপকের কাছে পৌঁছায়নি। রেজিস্টার খাতা ঘেঁটে জানতে পারলো কোনো চিঠির প্রাপক মারা গেছেন, কেউ ঠিকানা বদলেছেন, কাউকে খুঁজে পাওয়া যায়নি ইত্যাদি ইত্যাদি।

প্ল্যান অনুযায়ী পরদিন সকাল সকাল সে বেরিয়ে পড়লো চিঠি নিয়ে।

প্রথম চিঠিটির প্রাপক ছিলেন এক বৃদ্ধা। ঠিকানায় গিয়ে জানতে পারল, তিনি মারা গেছেন প্রায় পনেরো বছর আগে। চিঠিটি লিখেছিলেন তাঁর বিদেশে থাকা ছেলে। চিঠির তারিখ দেখে শ্যামা বুঝল, মায়ের মৃত্যুর কয়েক মাস আগেই ছেলে চিঠিটি লিখেছিল।

দ্বিতীয় চিঠিটি ছিল এক তরুণীর নামে। বাড়িতে গিয়ে জানা গেল, তাঁর বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। পুরোনো ঠিকানার মানুষজন তাঁকে আর চেনে না।

তৃতীয়টা ছিল এক বন্ধুর কাছে আরেক বন্ধুর লেখা। দুজনের একজন এখনো বেঁচে আছেন। অন্যজনের কোনো খোঁজ নেই।

প্রত্যেক ঠিকানায় গিয়ে শ্যামাচরণ যেন মানুষের জীবনের একটি করে বন্ধ দরজার সামনে দাঁড়াতে লাগল।

একসময় তার মনে হলো, কিছু চিঠি আসলে ঠিকানায় পৌঁছানোর জন্য লেখা হয় না। লেখা হয় শুধু জমে থাকা কথাগুলোকে একটু হালকা করার জন্য।

তবু সে হাল ছাড়ল না।

বাক্সের একেবারে নিচে গিয়ে পেল একটি ছোট্ট খাম।

খামের ওপর লেখা, প্রাপকঃ শ্যামাচরণ রায়

নিজের নাম দেখে সে কিছুক্ষণ স্থির হয়ে রইল।

প্রেরকের নাম নেই।

খামটি হাতে নিয়ে সে অনেকক্ষণ বসে থাকল। ভাবতে লাগলো, “এটা কি আমার চিঠি”?

তারপর ধীরে ধীরে খামটা খুলল।

ভেতরে ছোট্ট একটি চিঠি।

তাতে লেখা,

শ্যামাচরণ,

জানি না, এই চিঠি কোনোদিন তোমার হাতে পৌঁছাবে কি না। তবু লিখছি।

তুমি প্রতিদিন কত মানুষের চিঠি পৌঁছে দিয়েছ। অথচ আমার একটা কথাই কোনোদিন তোমাকে বোঝাতে পারিনি।

মনে আছে, একবার তোমাকে বলেছিলাম, বড় হয়ে আমি ডাকপিয়ন হব? তুমি হেসে বলেছিলে, তাহলে সারাজীবন মানুষের অপেক্ষা বয়ে বেড়াতে হবে।

তুমি ঠিকই বলেছিলে।

তবে একটা কথা তোমাকে বলা হয়নি। তোমার প্রতি আমার অনেক অভিমান ছিল। তুমি আমার চিঠির উত্তর দিতে না। তুমি ব্যস্ত ছিলে, জানি।

কিন্তু আমি তো তোমার ছেলে ছিলাম।

ইতি,

তোমার ছেলে, সুভাষ।

শ্যামাচরণের হাত কেঁপে উঠল।

সুভাষ শ্যামাচরণের একমাত্র ছেলে।

প্রায় কুড়ি বছর আগে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এরপর আর কোনো যোগাযোগ হয়নি। শ্যামাচরণ বহু খোঁজাখুঁজি করেছে, কিন্তু পায়নি।

চিঠির তারিখটি দেখল সে।

ঊনিশ বছর আগের।

অর্থাৎ সুভাষ বাড়ি ছাড়ার বছর খানেক পর এই চিঠিটি লিখেছিল। হয়তো কোনোভাবে ডাকঘরে পৌঁছেছিল, কিন্তু কোনো এক অজানা কারণে তার কাছে আসেনি।

ভেজা চোখে শ্যামাচরণ চিঠিটা বুকে চেপে ধরল।

পরদিন সকালে সে আবার ডাকঘরে গেল। পুরোনো রেজিস্টারে সুভাষের সম্ভাব্য ঠিকানা খুঁজতে লাগল। একটা সূত্র সে পেল। সে অনুযায়ী অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলো, সুভাষ আর বেঁচে নেই। বছর সাতেক আগে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

শ্যামাচরণ নীরব হয়ে গেলো।

সেদিন বিকেলে বাড়ি ফিরে সুভাষের চিঠিটা সে আবার পড়ল।

তারপর আলমারির ভেতর থেকে একটি সাদা কাগজ বের করল।

লিখতে শুরু করল,

“বাবা সুভাষ,

তোর চিঠি আজ হাতে পেলাম। তুই হয়তো জানিস না, এত বছর ধরে আমি তোর একটা চিঠির অপেক্ষায় ছিলাম।

তুই লিখেছিস, আমি তোর চিঠির উত্তর দিইনি। সত্যি বলতে, তোর অনেক চিঠির উত্তর মনে মনে দিয়েছি। শুধু ডাকঘরে জমা দিইনি কখনো।

আমি ভেবেছিলাম, সময় হলে সব বলব। তোকে বুঝিয়ে দেব, কেন সেদিন তোকে থামাতে পারিনি। কেন নিজের অভিমানকে তোর ভালোবাসার চেয়ে বড় করে দেখেছিলাম।

কিন্তু সময় তো কারও জন্য অপেক্ষা করে না রে বাবা।

তুই যদি কোথাও থাকিস, জেনে রাখিস, তোর বাবা তোকে কোনোদিন ভুলে যায়নি।

অনেক ভালবাসি তোকে।

ইতি,

তোর বাবা।”

চিঠিটা লেখা শেষ করে সে অনেকক্ষণ তাকিয়ে রইল।

খামের ওপর প্রাপকের ঠিকানা লিখতে গিয়ে থেমে গেল।

কোথায় পাঠাবে?

মৃত মানুষের কোনো ডাকঘর থাকে না।

পরদিন সকালে শ্যামাচরণ ডাকঘরে গিয়ে নিজের লেখা চিঠিটা পুরোনো কাঠের বাক্সে রেখে দিল। সহকর্মী জিজ্ঞেস করল, “এটা আবার বাক্সে রাখছেন কেন?”

শ্যামাচরণ মৃদু হাসল।

বলল, “সব চিঠি পৌঁছানোর জন্য লেখা হয় না ভাই। কিছু চিঠি মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে।”

তারপর সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ল।

আজ আর কারও চিঠি পৌঁছে দেওয়ার তাড়া নেই।

তবু রাস্তার প্রতিটি বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তার মনে হচ্ছিল,

কোথাও কেউ হয়তো একটা চিঠির অপেক্ষায় বসে আছে।

হয়তো কোনো ছেলে বাবার কাছে ক্ষমা চাইতে চায়।

হয়তো কোনো বাবা ছেলেকে বলতে চায়, সে তাকে ভালোবাসে।

হয়তো দুজন মানুষই অপেক্ষা করছে, অথচ কেউ কাউকে লিখছে না।

সেদিন সন্ধ্যায় শ্যামাচরণ বুঝতে পারল, ডাকঘরে পড়ে থাকা চিঠিগুলোর চেয়েও ভয়ংকর কিছু চিঠি আছে।

সেগুলো লেখা হয় না কখনো।

কারণ মানুষ ভাবে, হাতে এখনো অনেক সময় আছে।

অথচ সময়ই একমাত্র ডাকপিয়ন, যে কখনো কারও জন্য অপেক্ষা করে না।

-ইতি, ডাকপিয়ন-

............................... ............................... .....................

আমরা অনেক কথাই বলতে চাই, কিন্তু বলি না। ক্ষমা চাইতে চাই, কিন্তু অহংকারে থেমে যাই। ভালোবাসি, কিন্তু প্রকাশ করি না। ভাবি, আরেকদিন বলব।

অথচ জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, সব চিঠি হারিয়ে যায় না। কিছু চিঠির প্রাপক বেঁচে থাকতেই পৃথিবী থেকে হারিয়ে যায়।

কিছু চিঠি ফেরত আসে না, কারণ তাদের ঠিকানা আর পৃথিবীতে থাকে না।

"ডাকপিয়ন"

১৭ নভেম্বর ২০২৬

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login