Story

ঘুড়ি - একটি ছোট্ট গল্প

November 16, 2026

85 views

বিকেল বেলা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলাম। অনেক রঙের ঘুড়ি উড়ছে! লাল, নীল, হলুদ, সবুজ। কোনোটা অনেক ওপরে, কোনোটা একটু নিচে। একটার সাথে আরেকটার সুতোয় টানাটানি চলছে। কেউ জিতছে, কেউ হারছে। আবার কোনো ঘুড়ি হঠাৎ সুতো ছিঁড়ে দূরে কোথাও হারিয়ে যাচ্ছে। কেউ হয়তো কুড়িয়ে পাচ্ছে, কোনোটা গাছে অথবা তারে ঝুলে গেছে।

পাশে দাঁড়ানো ছোট্ট ছেলেটাকে জিজ্ঞেস করলাম, “তোমার কোনটা?”

সে আকাশের দিকে আঙুল তুলে বলল, “ওই যে, লালটা”।

আমি- ওটা তো অনেক নিচে! অন্যগুলার সঙ্গে পারছে না?

ছেলেটা একটু হেসে বলল, “ওকে তো আমি লড়ার জন্য উড়াইনি। এমনি  উড়াইছি।

কথাটা শুনে একটু থেমে গেলাম।

আমরা আসলে সবাই ঘুড়ির মতোই। ছোটবেলা থেকে আমাদের হাতে একটা সুতো ধরিয়ে দেওয়া হয়। তারপর বলা হয়, ওপরে ওঠো। আরও ওপরে। অন্যদের ছাড়িয়ে যাও। যে যত উঁচুতে উঠবে, তার সাফল্য তত বেশি।

আমরা উড়তে শিখি, কিন্তু উড়ার আনন্দটা ভুলে যাই।

কখনো অন্যের সুতো কাটতে গিয়ে নিজের সুতোয় টান পড়ে। কখনো আরও উঁচুতে ওঠার নেশায় বাতাসের গতিপথ বুঝতে ভুল করি। কখনো আবার এতটাই ওপরে উঠতে চাই যে, নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলোও আকারে ছোট হয়ে যায়।

ভুলে যাই, আকাশ তো কারও একার নয়।

সেখানে পাশাপাশি উড়তে কোনো প্রতিযোগিতার প্রয়োজন নেই। একেকটি ঘুড়ি একেকটি রঙ নিয়ে উড়তে পারে। কেউ মেঘ ছোঁবে, কেউ রোদের মধ্যে ভেসে বেড়াবে। কেউ হয়তো খুব বেশিক্ষণ টিকবে না, তবু তার উড়ে যাওয়াটুকু মিথ্যে হয়ে যাবে না।

হঠাৎ একটা ঘুড়ি সুতো ছিঁড়ে দূরে চলে গেল। ছেলেটা সেদিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো দুঃখ নেই, বরং একধরনের মুগ্ধতা।

আমি জিজ্ঞেস করলাম, “ঘুড়িটা হারিয়ে গেল, খারাপ লাগছে না?”

সে বলল, “হারাবে কেন? ও তো এখন স্বাধীন। নিজের মতো উড়ছে!”

কথাটা শুনে আলতো হাসলাম। অথচ ভেতরে কোথাও যেন একটা দীর্ঘশ্বাস জমে রইল।

জীবনের কত কিছুই তো আমরা হারিয়ে ফেলি। কখনো দায়িত্বের কাছে, কখনো সম্পর্কের কাছে, কখনো সাফল্যের দৌড়ে। কত স্বপ্নকে মাঝপথে নামিয়ে রাখি, শুধু অন্যদের সঙ্গে তাল মেলাতে গিয়ে।

হয়তো সব স্বপ্নের গন্তব্য থাকে না। 

সব চাওয়ার পূর্ণতা লাগে না। 

কিছু কিছু ভালো লাগা কেবল অনুভব করার জন্যই পৃথিবীতে আসে।

সেদিন ছাদ থেকে নামার আগে শেষবারের মতো আকাশের দিকে তাকালাম। দেখলাম, ছোট্ট লাল একটা ঘুড়ি তখনো উড়ছে। খুব বেশি ওপরে নয়, কারও সঙ্গে প্রতিযোগিতাতেও নেই। বাতাসের সঙ্গে একটু দুলছে, একটু নাচছে।

মনে হলো, আমরা জীবনে সবসময় ভুল প্রশ্নের উত্তর খুঁজেছি।

কতটা ওপরে উঠলাম, কতজনকে ছাড়িয়ে গেলাম, কত কিছু অর্জন করলাম, এসবের হিসাব করেছি।

অথচ একবারও নিজেকে জিজ্ঞেস করিনি, উড়তে গিয়ে আকাশটা কতটা উপভোগ করেছি!

সব ঘুড়ি আকাশে জেতার জন্য ওড়ে না। কিছু ঘুড়ি শুধু একটু আকাশ দেখার জন্যও ওড়ে।

আমরা কিছু ঘুড়িকেও সব ঘুড়ির সাথে মিলিয়ে ফেলি। অথচ সেই ঘুড়িগুলো শুধু ওড়বার আনন্দটুকু উপভোগ করতে চায়, ভাগ করতে চায় সবার সাথে।

ঘুড়ি

১৬ নভেম্বর ২০২৬

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login