“একটি বিসর্জনের গল্প”
সন্ধ্যার ম্লান আলোয় নিলয় শুয়ে ছিল বিছানায়। হাতে প্রিয় মানুষের দেয়া উপহারটা। অনেকদিন তাদের দেখা নেই। অপ্রিয় দায় আর অযৌক্তিক স্বচ্ছতার পরীক্ষা দিতে দিতে সে ক্লান্ত। তার শরীরটা একদম রোগা, ফ্যাকাশে, যেন ভেতরের সবটুকু রক্ত-মাংস নিংড়ে নিয়ে কেবল শূন্য একটা খোলস ঝুলিয়ে রাখা হয়েছে। হাত দুটো একদম খালি; কোনো রঙের তুলি নেই, কোনো সুরের যন্ত্র নেই, নেই নিজের মতো করে হাঁটার কোনো পথ।
একসময় কাজ গুছিয়ে ঘুরতে যাবার ইচ্ছা হলেই যে কিনা বেরিয়ে পড়তো, সে আজ আমন্ত্রণ পেয়েও যেতে পারছেনা। নিলয়ের কাজ পেন্ডিং রাখার অভ্যাস কখনোই ছিলো না। ইদানীং নিজের অনিচ্ছা, মানুষের বিশ্বাস ভেঙে ফেলা আর কিছু মানুষের অদূরদর্শিতার কারণে বেশ কিছু কাজ অপূর্ণ রয়ে গেছে। দায়িত্বের বোঝায় ছোট্ট ফুঁটো বললে ভুল হবেনা। এই ফুঁটো গত কয়েক বছরে তাকে দুমড়ে মুচড়ে দিয়েছে।
ক্যামেরা হাতে ছবি তুলতে যাওয়া, রাত বিরাতে আড্ডা দেয়া, নতুন কোনো বিষয় নিয়ে সুন্দর ভাবনা, গান না জানলেও গুণগুণ করা বা হেঁড়ে গলায় উল্লাস নিয়ে গান গাওয়া সবকিছুতেই কেমন যেন পানসে হয়ে যাচ্ছে সেই ছোট্ট ফুঁটোর প্রভাবে।
কিন্তু তার গলায় ঝুলছে বড় বড় বেশ কয়েকটা ভারী মেডেল আর চকচকে সার্টিফিকেট। ধাতু আর কাগজের সেসব বোঝায় তার ঘাড়টা ভেতর থেকে ভেঙে নুয়ে পড়া অবস্থা। একটায় বড় বড় করে লেখা “ব্রিলিয়ান্ট”। তার পাশে “ক্রিয়েটিভ”। আরও আছে “দায়িত্বশীল”, “স্মার্ট”, “ত্যাগী”, “মহান মানুষ”...
আর সবচেয়ে নিচে ঝুলছে একটা বিশাল সার্টিফিকেট, যার গায়ে উজ্জ্বল অক্ষরে লেখাঃ “সুখী মানুষ”। না, পরিবারের কারণে নয়। ওইযে কিছু অনাকাঙ্ক্ষিত অদায়িত্বশীল আচরণ।
চারপাশের সবাই নিলয়কে দেখে হাততালি দেয়। কেউ বলে, “নিলয় না থাকলে তো আমাদের চলতই না!” কেউ বলে, “নিজের কথা একদম ভাবে না, কী যে ত্যাগী মানুষ!” সমাজের চোখে সে এক জীবন্ত দেবদূত, এক নিখুঁত সফল মানুষ। মানুষের বাহবা আর প্রশংসার শব্দে তার চারপাশ সবসময় গমগম করে, কিন্তু সেই শব্দগুলোর ভেতর নিলয়ের নিজের কণ্ঠস্বরটা কোথাও চাপা পড়ে গেছে।
নিলয়ের পায়ের কাছে, মেঝের এক কোণে পড়ে আছে ছোট্ট একটা পুরোনো, ভাঙা সিন্দুক। বহু বছর আগে সে খুব যত্ন করে, বুকের ভেতর জমে থাকা সবটুকু আবেগ দিয়ে এটা বানিয়েছিল। আজ সিন্দুকটার ঢাকনা ভাঙা, ছিটকে পড়ে আছে একপাশে। ভেতর থেকে বেরিয়ে আসছে ডানা-ভাঙা কয়েকটা কাগজের প্লেন একসময় যেগুলো দিয়ে সে মেঘের দেশে উড়ে যাওয়ার স্বপ্ন দেখত। আর ছড়িয়ে-ছিটিয়ে আছে কিছু বিবর্ণ কিন্তু রঙিন কাগজের টুকরো, যার গায়ে এখনো ধীর পায়ে বেঁচে আছে অস্পষ্ট লেখাঃ “ইচ্ছা, শখ ও স্বপ্ন”।
কবে যে বাক্স এতোটা ভরে গেছে তা খেয়ালই করেনি সে।
মাঝরাতে, যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখনই নিলয়ের আসল কান্নাটা শুরু হয়। সে ফুঁপিয়ে কেঁদে ওঠে না, কারণ কাঁদার শক্তিটুকুও যেন ফুরিয়ে গেছে। শুধু বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে। গলার ভারী মেডেলগুলো নড়ে উঠে তার বুকের পাঁজরে ঠোকর মারে। আর সবচেয়ে বড় যে সার্টিফিকেটটায় লেখা “সুখী মানুষ”, সেটা যেন তার গলা টিপে ধরে। যেন ব্যঙ্গ করে বলে, “তুই তো সুখী মানুষ! তোর আবার কষ্ট কিসের?”
নিলয় কাঁপা কাঁপা হাতে ভাঙা সিন্দুকের ভেতর থেকে একটা ডানা-ভাঙা কাগজের প্লেন তুলে নেয়। কাগজটার ভাঁজে ভাঁজে লেগে আছে তার ফেলে আসা শৈশব, তার না-বলা কথা, তার অবহেলিত ভালোবাসা। তার মনে পড়ে বৃষ্টি এলেই কাকভেজা হবার শখ ছিল তার, রঙিন কাগজ কেটে নিজের মতো করে একটা পৃথিবী গড়তে চাইত। কবে যে “ভালো ছেলে”, “দায়িত্বশীল মানুষ” আর “ত্যাগী” হওয়ার তকমা জোগাড় করতে গিয়ে সেই উচ্ছল, প্রাণবন্ত নিলয়টাকে এই ভাঙা সিন্দুকে প্রাণহীন কবর দিয়ে এসেছে, তা ভেবে তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে।
একফোঁটা নোনাজল গড়িয়ে পড়ে ডানা ভাঙা কাগজের প্লেনটার ওপর। কাগজটা ভিজে নরম হয়ে আসে।
নিলয় বুঝতে পারে, পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেটা হলো ওই গলায় ঝোলানো “সুখী মানুষ”-এর সার্টিফিকেট। বাইরের মানুষ যাকে ত্যাগ আর মহত্ত্ব বলছে, ভেতরে ভেতরে সেটা আসলে নিজেকে একটু একটু করে শেষ করে দেওয়ারই আরেক নাম। সবাই তাকে বাহবা দিচ্ছে ঠিকই, কিন্তু কেউ একবারও জিজ্ঞেস করেনি “নিলয়, তুই ভালো আছিস তো? তোর কী চাই?”
নিঃশব্দ রাতে নিলয় ধীরে ধীরে গলা থেকে মেডেল আর সার্টিফিকেটগুলো খুলে মেঝেতে নামিয়ে রাখে। শব্দ হয় না, শুধু একটা দীর্ঘশ্বাস ঘরের বাতাসে ভারী হয়ে ওঠে। ফ্যাকাশে, ক্লান্ত মুখটা নিয়ে সে ভাঙা সিন্দুকের সামনে হাঁটু গেড়ে বসে। ভেজা কাগজের প্লেনটা বুকের কাছে জড়িয়ে ধরে সে ফিসফিস করে বলে, “আমি আর মহান হতে চাই না... আমি শুধু আবার একটু বাঁচতে চাই।”
আসলে, সমাজের দেওয়া এই সব চকচকে সম্মাননা কিছু নয়, এগুলো নিছক এক একটা ‘Certificate of Sacrifice’...
নিজের শখ, নিজের হাসি, নিজের নিঃশ্বাস বিসর্জন দিয়ে কেনা এক নিষ্ঠুর স্বীকৃতি।
হাহ হাহ হাহ…
“সার্টিফিকেট অফ স্যাক্রিফাইস"