Poetry

অপেক্ষার মহাকাব্য

April 5, 2026

Original Author সাইখ আল তমাল

165 views

ফাউন্টেন পেনের নিবে লিনেন পেপারে
অপেক্ষার গল্প আমি লিখেছিলাম
টানা হাতের লেখা যত্ন করে
কিন্তু পত্রখানা দেওয়ার মতো কেউ আসেনি
ডাকবাকসো ভর্তি বার্তা লিখে রেখেছি
সময় এগুলা খুলবে এক এক করে
ততদিনে হলুদ ফুল গজাবে বুকের ওপর
চারপাশে ডালিয়া আর এক সারি বাগান বিলাস
কেউ হয়তো স্মৃতিকাতর হবে
জাফলংয়ে পাহাড় দেখার স্মৃতি
হাফপ্যান্ট আর স্কুল ড্রেস পরে পারি দেওয়া ডাউকি নদী
ইউনিফর্ম পরেই ঘুরেছিলাম ময়নামতি
গুলতি হাতে একবার টুনটুনির এক চোখ পিষে ফেলতে দেখেছিলাম
শৈশবের সুনিপুণ হাতের টিপ
এক ঢিলে পড়ে যেত গাছ পাকা আম
কালি শেষ হয়ে গেল যেন জীবনের
দারুচিনি দ্বীপের স্মৃতিও ধীরে ধীরে মুছে যাবে
ওপরে কাঁচা বাঁশের ছাঁচ 
তার নীচে দেহখানা সকলে মিলে ছুঁয়াবে মাটির স্পর্শ।
তারপর মহাকাব্যের শুরু
ওপরে হলুদ ফুল বাগান বিলাসের বেড়া।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login