Poetry

তপ্ত দুপুর

July 9, 2026

79
View

চৈত্রের ঐ তপ্ত দুপুর বাজে তোমার পায়ের নূপুর,
শ্রান্ত মনে বটের মূলে কে বাঁশি বাজায়।

রৌদ্রজ্বলা পথের ধারে ধুলো উড়ে বাতাস ভরে,
তখন কে রে হৃদয় আমার জুড়ায় শীতল বায়?

এই গরমে বুকের ওমে ভালোবাসার বরফ জমে,
আলতো পায়ে আসলে যখন আমার আঙিনায়।

তোমার ছোঁয়ায় ফুলের সুবাস, তোমার চোখে মুক্ত আকাশ।
মনের ভেতর দেয় যে দোলা ঝোপের সাদা কাশ।।

প্রকৃতিতে আগুন ঝরে, চৈত্তা ঐ খরার সুরে,
তোমার কণ্ঠ শুনে ভাসি মেঘের ভেলায় ।

তুমি এলে শুকনো ডালে সবুজ পাতার স্বপ্ন জ্বালে,
রঙিন স্বপ্নে বেঁচে ওঠে তোমার আস্কারায়।

রাত নামিলে চাঁদের আলো তোমার চুলে পড়ে ভালো,
তারারাও পথ ভুলে যায় তোমার মোহনায়।

যত দূরেই থাকো প্রিয়া, তুমিই পরান তুমিই হিয়া ,
চৈত্রের খরা দাও ভুলিয়ে শ্রাবণ ধারায়।

Comments

    Please login to post comment. Login