Posts

বাংলা সাহিত্য

চৌত্রিশ চুরাশি রোড

July 11, 2026

আযাহা সুলতান

Original Author আযাহা সুলতান

54
View

চৌত্রিশ চুরাশি রোডে আমি এখনো আছি 
তুমি ছিলে নাকি ছত্রিশ ছাপ্পান্নতে শুনেছি? 
তবে কৃষ্ণানন্দের নীলপ্রাসাদে 
এখন আছ নাকি বেশ সুখেতে? 
কেন বেছে নিলে শুনি? পতিত এ জিন্দেগি? 
চৌত্রিশ চুরাশি রোডে আমি এখনো আছি॥ 

অমন করার কথা বলো, ভাবলে কী করে? 
বলো? কী সুখ পেলেই তবে অমন করে? 
সুখের চেয়ে শান্তি ভালো 
মনে রাখার দরকার ছিল, 
বলতে পারি আর আগের মতো ভালোবাসি? 
চৌত্রিশ চুরাশি রোডে আমি এখনো আছি॥ 

এমন অপরাধ কি করেছি? অপরাধী জানলে? 
নিজেকে অন্ধমহলে বন্দি করতে বাধ্য হলে? 
আমার ঠিকানা তুমিই জানো 
সরাসরি নাহয় অন্য কোনো? 
জিজ্ঞেস নাহয় করতে অচেনার মতোও যদি?
চৌত্রিশ চুরাশি রোডে আমি এখনো আছি॥ 

অন্তত এই—এতটুকুই তো জানাতে পারতে 
সামনে পা রাখার-কি-বাড়ানোর আগমুহূর্তে? 
আমার নাহয় অভিমান ছিল এত 
তুমি কেন পুড়লে আগুনে জীবন্ত? 
ফাঁসির দণ্ডে দণ্ডিত করলেও ছিল না দুঃখটি! 
চৌত্রিশ চুরাশি রোডে আমি এখনো আছি॥ 

ভালো শুধু বেসেছিলাম তোমাকেই রাহি 
তুমি শুধু দোষ দেখলে ভালোবাসা না দেখি! 
তোমার কসমে আবদ্ধ যে-মনটা 
ভাবতে পারে অন্য কোনো রাস্তা? 
তুমি তো বেছে নিতে পারলে অন্য জিন্দেগি?
চৌত্রিশ চুরাশি রোডে আমি এখনো আছি॥ 
 

Comments

    Please login to post comment. Login