এ শহরে সেস্বপ্নের বাড়িটি আজও বানাতে পারিনি
যেস্বপ্নের বাড়িতে তুমি আসতে—দেখা করতে চুপিচুপি—
শানবাঁধানো পুকুরঘাট—খালি পায়ের নূপুরের আওয়াজ
স্বর্গনগরের প্রাচীরঘেরা কাননবাড়ির বাসিন্দা তুমি?
লক্ষ বছর ধরে খুঁজছি আমি সেই বাড়িটির ঠিকানা
লক্ষ বছর ধরে ঘুরছি আমি লক্ষ্যগ্রহের কক্ষপথে
আমাদের কথাবার্তা—দেখাসাক্ষাৎ শুধুই কি অন্তরালে?
সত্যি? প্রেম নিঃশেষ হয়? ফিকে হয়ে আসে বাস্তবে?
আমাকে ভালোবাসলে না? না বাসলেও বাসলে
দুঃখ নেই, আমি ভালোবাসি—বাসব ‘কুহেলীনা মিত্র’কে
‘সত্যিই?’ প্রমাণ হাজার—হাওয়ার কাছে জিজ্ঞেস করো
হাওয়াকে তো ঘুষ দেওয়া যায় না প্রিয় আর—যায়? যাবে?
তোমাকে ও-প্রশান্ত কিনে দেবো একদিন—বাস্তবে দেখো
ও-সাগরের দাম কত হবে? সাগর কি বিক্রি হবে? তবে?
তা হলে এ শহরটা তোমার ‘হা-হা-হা’ হাসছ? হেসো না
তোমার হাসির কাছে ওয়াশিংটন ডিসির মূল্য কিছুই না
এ শহর—নদী—পাহাড়—পর্বতমালা—খনিজ—যতই হোক-না দামি
তোমার পায়ের কাছে লুটানো যায় কোহিনুর—রাজ্যের রাজমুকুট
আমারও ছিল বোধহয়? দেশ-দশ-সংসার—বাড়িঘর—প্রিয়—পরিজন
তোমাকে দেখার পর ভুলে গেছি সব—ভুলে গেছি আমি কে